কোহলির ব্যর্থতায় ভক্তের গায়ে আগুন

624

ভারতে ক্রিকেটই ধর্ম, ধর্মই ক্রিকেট! ক্রিকেটারদের সেখানে দেখা হয় ঈশ্বর হিসেবে। কোহলি-ধোনিরা যেখানে সবকিছুর উর্ধে। তাই বিরাট কোহলির ব্যর্থতা সহ্য করতে পারেননি এক ভারতীয় সমর্থক। নিজের গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করলেন ৬৩ বছর বয়সী এক সমর্থক।

কেপটাউনে খেলতে নেমে ভারতীয় ব্যাটসম্যানরা মোটেও নিজেদের সুনাম অনুযায়ী খেলতে পারেননি। পূজারা হোক বা ধাওয়ান— স্টেইন, ফিল্যান্ডারদের সামনে সামান্যতম প্রতিরোধও গড়তে পারেননি কোনও ব্যাটসম্যান। কোহলিও আউট হন মাত্র ৫ রানে।

বিয়ের পর দক্ষিণ আফ্রিকার বাউন্সি উইকেটে কেমন পারফর্ম করতে পারেন বিরাট, তা জানার অপেক্ষায় ছিল গোটা বিশ্ব। তবে সমর্থকদের হতাশ করে শুরুতেই আউট হয়ে যান বিরাট। হার্দিক পাণ্ডের সৌজন্যে কোনরকমে সম্মানজনক স্কোর করতে সক্ষম হয়েছে ভারত।

প্রথম টেস্টের ফলাফল এখনও প্রকাশ্যে আসেনি। তৃতীয় দিন বৃষ্টিতে ভেসে গিয়েছে। তবে কোহলির ব্যর্থতা মোটেও মেনে নিতে পারেননি এক সমর্থক। আত্মহত্যার চেষ্টা করেন তিনি। ভারতের মধ্যপ্রদেশের ৬৩ বছর বয়সী এক সমর্থক বাবুলাল বাইরওয়া কোহলির ব্যর্থতায় এতটাই হতাশ, যে গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দিলেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রাটলামের জায়রা ফাটক রোড-এর বাবুলালকে সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে তাকে লক্ষ্য করেন তার স্ত্রী। তিনিই প্রয়োজনীয় ব্যবস্থা নেন। জানা গিয়েছে, হাত ও মাথা আগুনে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। আপাতত তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

জাতীয় দলের তারকা ক্রিকেটারদের খারাপ পারফরম্যান্সের জন্য আত্মহত্যার প্রবণতা ভারতে মোটেও নতুন নয়। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপে শোচনীয় ব্যর্থতার পরে বেশ কিছু সমর্থক আত্মহত্যা করেছিলেন।