অনুমতি না পেলেও সমাবেশের প্রস্তুতি বিএনপির

491

সরকারের পক্ষ থেকে অনুমতি না দিলেও আগামীকাল সমাবেশের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার সকালে দলের নয়াপল্টনের কার্যালয়ে নিয়মিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন রিজভী। এ সময় তিনি জানান, আগামীকাল শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে নয়াপল্টনেই এই সমাবেশ হবে।

বিএনপির এই নেতা বলেন, ‘সরকার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে আগামীকালের সমাবেশের অনুমতি না দিয়ে গণতন্ত্র এবং জনগ‌ণের সঙ্গে নাটক কর‌ছে। এরই মধ্যে সমাবেশের কর্মসূচি উপলক্ষে বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সংগঠনগুলো ঢাকা মহানগরীর জনগণকে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য প্রচার চালাচ্ছে।’

২০১৪ সালের এই দিনে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি অংশ নেয়নি। ৩০০ আসনের নির্বাচনে আওয়ামী লীগের ১৫৩ সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পরে ৫ জানুয়ারির ভোটের মাধ্যমে দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে। বিএনপি দিনটিকে পালন করছে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে। অন্যদিকে আওয়ামী লীগ ‘গণতন্ত্র রক্ষা দিবস’ হিসেবে পালন করে থাকে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ব‌লেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। অতীতে বিএনপির কর্মসূচিতে বিশৃঙ্খলা হয়েছে এমন কোনো নজির নেই। আগামীকালের ৫ জানুয়ারির গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচিও বিএনপি শান্তিপূর্ণভাবে পালন করতে বদ্ধপরিকর। আওয়ামী নেতাদের বক্তব্যে মনে হচ্ছে, তাঁরাই পরিকল্পিতভাবে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে একটা অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছেন।’

এ সময় রিজভী ঢাকাসহ সারা দেশে সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার-নির্যাতনসহ নানাভাবে হয়রানি শুরু করেছে বলেও উল্লেখ করেন।