সিলেটে ছুরিকাঘাতে ছাত্রদলের সাবেক নেতা নিহত

1015

সিলেটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে ঘটা সংঘর্ষে ছাত্রদলের সাবেক নেতা নিহত হয়েছেন। আজ সোমবার বিকেলে নগরীর কোর্টপয়েন্ট এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শিমু আহমদ। তিনি ছাত্রদলের সিলেট মহানগর কমিটির সাবেক সদস্য ছিলেন। ওই কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুর রকিব এ তথ্য দিয়েছেন।

সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল আলম জানান, ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোর্ট পয়েন্ট এলাকায় মিছিল বের করে জেলা ও মহানগর ছাত্রদল। ওই মিছিলেই সংঘর্ষ হয়। এরই এক পর্যায়ে ছাত্রদলের সাবেক নেতা শিমু আহমদকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।

শিমুসহ আহতদের দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওসি গৌসুল আলম জানান, সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় শিমু মারা যান।