ঢাকা সংবাদদাতা: চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পরিবারকে সমবেদনা জানাতে তার চট্টগ্রামের বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার বিকালে তিনটার দিকে মহিউদ্দিনের চশমা হিলের বাসায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম এ তথ্য নিশ্চিত করেন।
গত ১৪ ডিসেম্বর দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রামের মেহেদিবাগের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মহিউদ্দিন চৌধুরী।
রোববার নৌবাহিনীর বার্ষিক রাষ্ট্রপতির কুচকাওয়াজে যোগ দিতে চট্টগ্রামে যাবেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সূত্রমতে, সকাল ১০টা ১০ মিনিটে নেভাল একাডেমিতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত প্রধানমন্ত্রীর কর্মসূচি নির্ধারিত আছে।
নৌবাহিনীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী মহিউদ্দিনের বাসায় যাবেন বলে চট্টগ্রামের প্রশাসনকে জানানো হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের উপ-কমিশনার (ডিসি-উত্তর) মো.আব্দুল ওয়ারিশ খান।
মহিউদ্দিনের ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাসায় আসবেন বলে জানানো হয়েছে। প্রশাসনের বিভিন্ন পর্যায়ের উর্দ্ধতন কর্মকর্তারা আমাদের বাসায় এসেছেন।















