এমসিক্স মোটরওয়েতে ৪ গাড়ির ভয়াবহ সংঘর্ষ: চালক নিহ*ত!

25

সাইফ হাসান: যুক্তরাজ্যের এমসিক্স মোটরওয়েতে তিনটি লরি ও একটি প্রাইভেট কারের মধ্যে ভয়াবহ সংঘর্ষে এক ব্যক্তি মা\রা গেছেন। সোমবার ভোরে স্টোক-অন-ট্রেন্ট ও টক পিটসের মধ্যবর্তী অংশে এই মারাত্মক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে জরুরি সেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও গাড়ির চালককে বাঁচানো সম্ভব হয়নি এবং আরো দুই লরি চালককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ায় ওই সড়কে যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়।

ন্যাশনাল হাইওয়েজের তথ্য মতে, সোমবার ভোর চারটার দিকে এমসিক্স মোটরওয়ের উত্তরমুখী লেনে জংশন ১৫ ও ১৬ এর মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে। এর ফলে সড়কে দীর্ঘ ছয় মাইল জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চালকদের এক ঘণ্টারও বেশি সময় আটকে থাকতে হয়।

ওয়েস্ট মিডল্যান্ডস অ্যাম্বুলেন্স সার্ভিসের একজন মুখপাত্র জানান, ঘটনাস্থলে পৌঁছে কার চালককে আশঙ্কাজনক অবস্থায় পাওয়া যায় এবং কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এছাড়া একটি লরির চালককে গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় ট্রমা চিকিৎসা দিয়ে রয়্যাল স্টোক ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপর একটি লরির চালকও গুরুতর আহত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে দুর্ঘটনায় সংশ্লিষ্ট চতুর্থ লরির চালক কোনো ধরনের আঘাত না পাওয়ায় তাকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ঘটনাস্থল থেকেই ছেড়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেছে অ্যাম্বুলেন্স সেবা কর্তৃপক্ষ।

#aknews #onebanglanews #যুক্তরাজ্যসংবাদ #সড়কদুর্ঘটনা #এমসিক্সমোটরওয়ে