সিবিএফের বিবৃতিতে বলা হয়, ‘বুধবার বিকেলে তেরেসোপোলিসে অনুষ্ঠিত ব্রাজিল জাতীয় দলের অনুশীলনে অংশ নেননি নেইমার জুনিয়র। তাকে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়েছে।’
এছাড়া মেডিকেল টিমের পূর্ণ মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত আর কোনো তথ্য প্রকাশ করা হবে না বলেও জানায় ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ। ফলে নেইমারের শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা আরও বেড়েছে।
এর আগেও চোট ও ফিটনেস সমস্যায় ভুগছিলেন নেইমার। সাম্প্রতিক সময়ে তার পেশিতে অস্বস্তির খবর সামনে আসে এবং ক্লাবের কয়েকটি ম্যাচেও তিনি খেলতে পারেননি। যদিও গত সপ্তাহে জিমে অনুশীলনের ভিডিও প্রকাশ করে নিজের ফিটনেস নিয়ে আত্মবিশ্বাস দেখানোর চেষ্টা করেছিলেন ব্রাজিলিয়ান এই তারকা।
তবে সময় যত গড়াচ্ছে, ব্রাজিলের দুশ্চিন্তাও তত বাড়ছে। আপাতত নিশ্চিতভাবে জানা গেছে, বিশ্বকাপের আগে ব্রাজিলের প্রস্তুতি ম্যাচগুলোতে খেলতে পারবেন না নেইমার। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই তার চোটের প্রকৃত অবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যেতে পারে।















