যুক্তরাজ্যে পুলিশ সদস্যদের মানসিক চাপ পর্যবেক্ষণে নতুন উদ্যোগ

57

ইংল্যান্ড ও ওয়েলসের পুলিশ সদস্যদের মানসিক আঘাত ও চাপ পর্যবেক্ষণে “ট্রমা ট্র্যাকার” চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এই ব্যবস্থার মাধ্যমে দায়িত্ব পালনের সময় ভয়াবহ ঘটনা মোকাবিলার ফলে কর্মকর্তাদের ওপর কী ধরনের মানসিক প্রভাব পড়ছে, তা নিয়মিতভাবে নথিভুক্ত করা হবে।

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ইংল্যান্ড ও ওয়েলসের ৪৩টি পুলিশ বাহিনীতেই এই ট্র্যাকিং ব্যবস্থা বাধ্যতামূলক করা হতে পারে।

এই প্রযুক্তির উন্নয়নে কাজ করছেন স্টুয়ার্ট কিং, যিনি অ্যাভন অ্যান্ড সামারসেট পুলিশ–এ কর্মরত। তিনি জানান, নতুন ব্যবস্থায় কোনো কর্মকর্তা কতবার দুর্ঘটনা, সহিংসতা, শিশু নির্যাতন বা আকস্মিক মৃত্যুর ঘটনার মুখোমুখি হয়েছেন, তার ডিজিটাল রেকর্ড সংরক্ষণ করা হবে।

এক গবেষণায় দেখা গেছে, যুক্তরাজ্যের ৯০ শতাংশের বেশি পুলিশ সদস্য জীবনে অন্তত একবার গুরুতর মানসিক আঘাতের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এবং প্রায় ২০ শতাংশ কর্মকর্তা পিটিএসডিতে ভুগছেন। নতুন ট্র্যাকার ব্যবস্থার মাধ্যমে আগেভাগেই ঝুঁকিতে থাকা সদস্যদের শনাক্ত করে সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।