উত্তর-পশ্চিম লন্ডনের একটি সিনাগগে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা তদন্ত করছে পুলিশ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে একই ধরনের একাধিক ঘটনার পর এই হামলার চেষ্টা হয়েছে বলে জানানো হয়েছে।
শনিবার রাতে কেনটন ইউনাইটেড সিনেগগে এই ঘটনা ঘটে। কমিউনিটি সিকিউরিটি ট্রাস্ট জানিয়েছে, ঘটনায় একটি কক্ষে সামান্য ধোঁয়ার ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা বা বড় ধরনের কাঠামোগত ক্ষতি হয়নি। ভবনটির কাছেই একটি স্কুল ও শিশুদের খেলার মাঠ রয়েছে।
রবিবার সকালে ঘটনাস্থলের কাছাকাছি একটি কালো এসইউভি গাড়িতে তল্লাশি চালাতে দেখা যায় পুলিশকে। এলাকাজুড়ে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয় এবং ফরেনসিক কর্মকর্তা, অগ্নিকাণ্ড তদন্তকারী কুকুর ও সাদা পোশাকের কর্মকর্তারা ঘটনাস্থলে কাজ করেন। সিনাগগের বাইরে চিহ্নিত ও অচিহ্নিত একাধিক পুলিশ গাড়ি মোতায়েন ছিল।
কমিউনিটি সিকিউরিটি ট্রাস্ট-এর এক মুখপাত্র বলেন, উত্তর লন্ডনে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে সাম্প্রতিক হামলার ধারাবাহিকতায় এ ঘটনা ঘটেছে। এর আগে ফিঞ্চলে, গোল্ডার্স গ্রীন এবং হেন্ডন এলাকায় একই ধরনের ঘটনা ঘটে।
তিনি দ্রুত সাড়া দেওয়ার জন্য মেট্রোপলিটন পুলিশ এবং লন্ডন ফায়ার ব্রিগেড -কে ধন্যবাদ জানান এবং বলেন, দায়ীদের শনাক্তে পুলিশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হচ্ছে।
গত এক মাসে ওই এলাকায় ইহুদি সম্পত্তি লক্ষ্য করে একাধিক অগ্নিসংযোগ বা অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।
এদিকে ক্যাম্পেইন এগেইনস্ট এন্টিসেমিটিস-এর এক মুখপাত্র বলেন, লন্ডনের একটি সিনাগগে আগুন লাগানোর এই ঘটনা ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে ধারাবাহিক হামলার অংশ হয়ে উঠছে, যা উদ্বেগজনক।
তিনি আরও দাবি করেন, ইহুদিবিরোধী চরমপন্থা মোকাবিলায় সরকারের ব্যর্থতা রয়েছে এবং ইসলামিক রিভোলিউশনারি গার্ড কর্পস-কে নিষিদ্ধ করার আহ্বান জানান।















