আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলার্সান বলেছেন, উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমানবিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের প্রতি সরাসরি হুমকি। ওয়াশিংটন এ রকম আগ্রাসন থেকে নিজের প্রতিরক্ষার জন্য সব রকমের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। শনিবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পূর্ণ কক্ষ এ কথা বলেন তিনি।
টিলার্সান বলেন, আমি এটা পরিষ্কার করে বলেছি, যে আমাদের দেশের প্রতিরক্ষার সব কটি বিকল্পই খোলা থাকছে। তবে আমরা উত্তর কোরিয়ার কাছ থেকে যুদ্ধ চাই না, নিজেরাও যুদ্ধে যেতে চাই না।
এ দিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ডোনাল্ড ট্রাম্পকে মৌখিকভাবে আক্রমণ করে, তাকে তাদের ভাষায়, পাগলা বুড়ো ট্রাম্প বলে উল্লেখ করে সতর্ক করে বলেছে, তার প্রশাসনের কর্মকর্তারা যেন বিচক্ষণতার পরিচয় দেন। যদি না তারা অপমান ও ধ্বংসের আরো তিক্ত সত্যের মুখোমুখি হতে চান।















