লজ্জার সুযোগ নিয়ে নি*ষিদ্ধ ওষুধ বিক্রি যুক্তরাজ্যে জব্দ কোটি কোটি ট্যাবলেট

45

সাইফ হাসান: লোকলজ্জার সুযোগ নিয়ে যুক্তরাজ্যে চলছে জাল ওষুধের রমরমা অপ*রাধ ব্যবসা। যৌ*ন সমস্যার সমাধানের নামে এসব নি*ষিদ্ধ ওষুধ বিক্রি করছে একদল অসাধু চক্র। গত পাঁচ বছরে সেখানে প্রায় দুই কোটি নকল ট্যাবলেট জব্দ করেছে দেশটির কর্তৃপক্ষ। অনলাইন সাইট ও সোশ্যাল মিডিয়া থেকে এসব কেনা বন্ধে কঠোর সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাজ্যের ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রণ সংস্থা এমএইচআরএ জানিয়েছে, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে তারা প্রায় ১ কোটি ৯৫ লাখ অবৈধ ওষুধ জব্দ করেছে। এই বিপুল পরিমাণ ওষুধ দুটি ডাবল ডেকার বাস ভর্তি করার জন্য যথেষ্ট। সংস্থাটির মতে, পুরুষরা লজ্জা ও সংকোচের কারণে চিকিৎসকের কাছে না গিয়ে অনলাইনে এসব নকল ওষুধ খুঁজছেন আর সেই সুযোগটাই নিচ্ছে অসাধু চক্র।

এমএইচআরএ-র এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান অ্যান্ডি মর্লি বলেন, এই জাল ওষুধগুলো দেখতে আসল মনে হলেও এগুলোর উপাদান শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে। অনেক ক্ষেত্রে দেখা গেছে এই ট্যাবলেটগুলোতে কোনো কার্যকর উপাদান নেই অথবা ভুল ডোজ ও বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করা হয়েছে। গত এক বছরেই সংস্থাটি প্রায় ৪৪ লাখ এমন নিরাময় অযোগ্য ট্যাবলেট উদ্ধার করেছে যা ছিল একটি রেকর্ড।

রয়্যাল কলেজ অফ জিপি-র প্রধান অধ্যাপক ভিক্টোরিয়া জোর্তজিউ ব্রাউন সতর্ক করে বলেছেন, প্রেসক্রিপশন ছাড়া অনলাইনে কোনো ওষুধ কেনা অত্যন্ত বিপজ্জনক। বিশেষ করে যাদের হৃদরোগ বা উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের জন্য এই ওষুধগুলো হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। তিনি রোগীদের সরাসরি চিকিৎসকের সাথে এ বিষয়ে খোলামেলা কথা বলার পরামর্শ দিয়েছেন।

কর্তৃপক্ষ ইতিমধ্যে ১ হাজার ৫০০টিরও বেশি অবৈধ ওয়েবসাইট এবং ১ হাজার ২০০টিরও বেশি সোশ্যাল মিডিয়া পোস্ট সরিয়ে দিয়েছে যারা এসব পণ্য বিক্রি করছিল। ৪০ থেকে ৭০ বছর বয়সী পুরুষদের একটি বড় অংশ শারীরিক সমস্যার সম্মুখীন হলেও তাদের অনেকেই সঠিক চিকিৎসা নিতে দ্বিধা করেন। এমএইচআরএ এখন সাধারণ মানুষকে কেবল নিবন্ধিত ফার্মেসি ব্যবহার করতে এবং চিকিৎসকের পরামর্শ নিতে অনুরোধ জানিয়েছে।

#সতর্কতা #যুক্তরাজ্য #স্বাস্থ্য #aknews #onebanglanews