ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে ৮০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁলেন ইলন মাস্ক

214

সাইফ হাসান: ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে মার্কিন ধনকুবের ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৮০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। তার রকেট কোম্পানি স্পেসএক্স নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই অধিগ্রহণ করার পর এই অভাবনীয় মাইলফলক তৈরি হয়েছে। বর্তমানে মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮৫২ বিলিয়ন ডলারে যা বিশ্ব অর্থনীতিতে এক নতুন রেকর্ড। মাত্র এক বছরের ব্যবধানে এটি তার দ্বিতীয় বড় ব্যবসায়িক একীভূতকরণ যা তাকে ২০২৭ সালের মধ্যে ট্রিলিয়নিয়ার হওয়ার পথে আরও এগিয়ে দিল।

ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, স্পেসএক্স এবং এক্সএআই একীভূত হওয়ার পর নতুন এই যৌথ কোম্পানির মোট বাজারমূল্য দাঁড়িয়েছে ১ দশমিক ২৫ ট্রিলিয়ন ডলার। এর ফলে মাস্কের ব্যক্তিগত সম্পদ একলাফে ৮৪ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে মোট ৮৫২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বর্তমানে যৌথ কোম্পানিতে মাস্কের মালিকানা প্রায় ৪৩ শতাংশ যা তার মোট সম্পদের অর্ধেকেরও বেশি এবং স্পেসএক্স এখন তার সবচেয়ে মূল্যবান সম্পদ।

ইলন মাস্কের সম্পদের অন্যতম প্রধান উৎস বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা যেখানে তার প্রায় ১৭৮ বিলিয়ন ডলারের শেয়ার রয়েছে। এছাড়া টেসলার শেয়ার অপশন বাবদ তার কাছে আরও ১২৪ বিলিয়ন ডলার মূল্যের সম্পদ রয়েছে যা গত নভেম্বরের পারিশ্রমিক প্যাকেজ বাদে হিসাব করা হয়েছে। গত ডিসেম্বর মাসেই তিনি প্রথম ব্যক্তি হিসেবে ৭০০ বিলিয়ন ডলারের মাইলফলক অর্জন করেছিলেন যা মাত্র কয়েক মাসের ব্যবধানে ৮০০ বিলিয়ন ছাড়িয়ে গেল।

স্পেসএক্স এখন মাস্কের সবচেয়ে শক্তিশালী ব্যবসায়িক ভিত্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং চলতি বছরের শেষ দিকে কোম্পানিটি আইপিও ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। এর আগে গত মার্চে তিনি তার কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্সএআই এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স একীভূত করার ঘোষণা দিয়েছিলেন। ইনফরমা কানেক্ট একাডেমির মতে, বর্তমান প্রবৃদ্ধি বজায় থাকলে ২০২৭ সালের মধ্যেই মাস্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার বা এক লাখ কোটি ডলারের মালিক হতে পারেন।

#ইলনমাস্ক #স্পেসএক্স #ধনী #aknews #onebanglanews