নারীদের বাঁচাতে বিপদে ঝাঁপিয়ে পড়া সেই বীরকে খুঁজছে লন্ডন পুলিশ

97

সাইফ হাসান: লন্ডনের রাস্তায় কয়েকজন নারীকে বিপদে পড়তে দেখে নিজের জীবনের ঝুঁকি নিয়েছিলেন এক যুবক। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তাকে এখন খুঁজছে। ওই নারীদের ওপর যৌ*ন হা*মলা ও ছিনতাইয়ের চেষ্টা করা হচ্ছিল। অচেনা ওই যুবকের সাহসিকতার প্রশংসায় এখন পঞ্চমুখ পুলিশ প্রশাসন।

ঘটনাটি ঘটে গত ১৪ জানুয়ারি উত্তর-পশ্চিম লন্ডনের ক্যামডেন হাই স্ট্রিটে। পুলিশ জানায়, এক ব্যক্তি কয়েকজন নারীর ওপর চড়াও হয় এবং যৌ*ন হা*মলা চালানোর চেষ্টা করে। সে সময় ঘটনাস্থল দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই যুবক। তিনি পাশ কাটিয়ে না গিয়ে নারীদের রক্ষায় এগিয়ে আসেন।

সার্জেন্ট ম্যাক্স পেনিংটন বলেন, ওই যুবক চাইলে নিজের মতো চলে যেতে পারতেন। কিন্তু তিনি তা না করে বারবার নারীদের এবং ওই হামলাকারীর মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। যতক্ষণ না নারীরা নিরাপদ হন, ততক্ষণ তিনি সেখানেই ছিলেন। পুলিশ মনে করে, তদন্তের স্বার্থে এই যুবক একজন গুরুত্বপূর্ণ সাক্ষী।

ফুটেজে দেখা গেছে, ওই বীরের পরনে ছিল ক্রিম রঙের জ্যাকেট, গাঢ় প্যান্ট এবং পিঠে সবুজ ব্যাগ। তার মাথায় ছিল হলুদ লোগোসহ একটি লাল টুপি। পুলিশ তাকে অথবা ঘটনার অন্য প্রত্যক্ষদর্শীদের দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।

#LondonPolice #Hero #Camden #aknews #onebanglanews