সাইফ হাসান: অভিবাসীদের সম্পদ চু*রি ও অর্থ পাচারের দায়ে অভিযুক্ত হয়েছেন ব্রিটেনের ছয় ইমিগ্রেশন কর্মকর্তা। দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের বিভিন্ন এলাকার এসব কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অপ*রাধের প্রমাণ পেয়েছে তদন্তকারী সংস্থা। দীর্ঘ তদন্ত শেষে তাদের বিরুদ্ধে চু*রি ও সরকারি পদের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। আগামী ২৯ জানুয়ারি তাদের লন্ডনের আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।
ব্রিটেনের কেন্ট, সারে এবং লন্ডন এলাকার ছয় কর্মকর্তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সরাসরি চুরির ষড়যন্ত্র এবং সরকারি পদের অপব্যবহারের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের স্পেশাল ক্রাইম ডিভিশনের প্রধান ম্যালকম ম্যাকহ্যাফি জানান যে আদালতে মামলাটি তোলার জন্য তাদের কাছে পর্যাপ্ত তথ্য রয়েছে।
অভিযুক্তদের মধ্যে সারের বাসিন্দা ৩৬ বছর বয়সী বেসমির মাটেরার বিরুদ্ধে চুরির ষড়যন্ত্র ও সরকারি পদের অপব্যবহার ছাড়াও প্রতারণার মাধ্যমে ব্রিটেনে থাকার অনুমতি নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া ডোভারের জ্যাক মিচেল, বার্কশায়ারের লি-অ্যান ইভান্সন এবং দক্ষিণ-পূর্ব লন্ডনের জন বার্নথাল ও বেন এডওয়ার্ডসের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ গঠন করা হয়েছে।
হোম অফিসের একটি বিশেষ তদন্ত দল ২০২১ সালের আগস্ট থেকে ২০২২ সালের নভেম্বরের মধ্যে এই চুরির ঘটনাগুলো শনাক্ত করেছে। অভিযুক্ত অন্য ব্যক্তি ডেভিড গ্রান্ডির বিরুদ্ধে শুধুমাত্র অবৈধভাবে অর্জিত সম্পদ বা অর্থ নিজের কাছে রাখার অভিযোগ আনা হয়েছে। আগামী ২৯ জানুয়ারি তাদের সবাইকে লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
#ব্রিটেন #নিউজ #ইমিগ্রেশন #আদালত















