সাইফ হাসান: নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা জুহি চাওলা এখন ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রীর মুকুট পরেছেন। রুপালি পর্দায় অনিয়মিত হলেও পর্দার আড়ালে ১০ হাজার কোটি টাকার বেশি সম্পদের পাহাড় গড়েছেন তিনি। শাহরুখ খানের সাথে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের মালিকানা তার এই বিশাল সাফল্যের মূল চাবিকাঠি। সন্তানদের স্কুলে হার নিয়ে অপমানের শিকার হওয়ার জেদ থেকেই আজ এই অনন্য উচ্চতায় জুহি। হারুন রিচ লিস্টে শীর্ষ নারী উদ্যোক্তাদের তালিকায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এই তারকা।
ভারতের হারুন রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী জুহি চাওলার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ৭ হাজার ৭ ৯০ কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার ৭০০ কোটি টাকার বেশি। গত দুই বছর বড় পর্দায় তাকে দেখা না গেলেও ব্যবসায়ী হিসেবে তিনি সবাইকে ছাড়িয়ে গেছেন। ২০২৩ সালে নেটফ্লিক্সের ফ্রাইডে নাইট প্ল্যান ছবিতে তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল।
জুহি জানান যে তার এই ব্যবসায়িক সাম্রাজ্য গড়ার পেছনে সন্তানদের স্কুলে পাওয়া অপমান কাজ করেছে। মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়ার সময় কলকাতা নাইট রাইডার্সের হারের জন্য তার সন্তানদের অনেক কথা শুনতে হতো। সেই জেদ থেকেই তিনি এবং তার স্বামী জয় মেহতা দলকে সাফল্যের শিখরে নিয়ে যেতে কঠোর পরিশ্রম শুরু করেন।
শাহরুখ খানের সাথে জুহির বন্ধুত্ব বহু পুরনো এবং তারা একসাথে প্রায় ১০টির বেশি সিনেমায় কাজ করেছেন। তারা শুরুতে ড্রিমজ আনলিমিটেড নামে একটি প্রযোজনা সংস্থা খুললেও সেটি সফল হয়নি। তবে পরবর্তীতে মাত্র ৭৫ মিলিয়ন ডলারে কলকাতা নাইট রাইডার্স কিনে তারা ভাগ্যের চাকা ঘুরিয়ে দেন। বর্তমানে আইপিএলের অন্যতম দামী এই দলের ব্র্যান্ড ভ্যালু প্রায় ২ হাজার কোটি ছুঁইছুঁই।
মাত্র এক বছরে জুহির সম্পদ বেড়েছে প্রায় ৩ হাজার ১৯০ কোটি রুপি যা রীতিমতো চমকে দেওয়ার মতো। বর্তমানে তিনি ভারতের শীর্ষ ১০ স্বনির্মিত নারী উদ্যোক্তার তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন। অভিনয়ের চেয়ে ব্যবসায়িক বুদ্ধিকে কাজে লাগিয়েই তিনি আজ বলিউডের সবচেয়ে ধনী অভিনেত্রীর খেতাব অর্জন করেছেন।
#জুহিচাওলা #বলিউডনিউজ #ভারতেরসবচেয়েধনী #কেকেআর #ব্যবসায়ীজুহি














