সাইফ হাসান: লন্ডনের ইজলিংটন কাউন্সিল ই-বাইক অপারেটরদের কঠোর হুঁশিয়ারি দিয়েছে। লাইম এবং ফরেস্ট নামের দুটি কোম্পানিকে শেষ বারের মতো সতর্ক করা হয়েছে। নিয়ম না মানলে তাদের ব্যবসার অনুমতি বাতিল করা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফুটপাতে এলোমেলো বাইক রাখা এবং চালকদের বেপরোয়া আচরণের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কাউন্সিলের লিডার উনা ও’হলোরান গত ১১ ডিসেম্বর কোম্পানিগুলোকে একটি চিঠি পাঠিয়েছেন। তিনি জানিয়েছেন যে বাইকগুলো ফুটপাতে রাখা হচ্ছে এবং চালকরা ট্রাফিক সিগন্যাল অমান্য করছেন। এই সমস্যাগুলো দীর্ঘদনি ধরে চললেও কোম্পানিগুলো কোনো কার্যকর সমাধান করতে পারেনি বলে তিনি অভিযোগ করেন।
স্থানীয় বাসিন্দা ডেবোরা স্মিথ অভিযোগ করেছেন যে মাঝরাতে বাইকের শব্দে ও আনাগোনায় তার ঘুম ভেঙে যায়। তার বাড়ির সামনে গাড়ির পার্কিং সরিয়ে সেখানে ই-বাইক রাখার ব্যবস্থা করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। কাউন্সিল দাবি জানিয়েছে যে যেসব এলাকায় রাতে বেশি শব্দ হয়, সেখানে রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত বাইক চলাচল বন্ধ রাখতে হবে।
ফরেস্ট কোম্পানি জানিয়েছে তারা বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছে এবং পার্কিং ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। অন্যদিকে লাইম কর্তৃপক্ষ বলেছে তারা কাউন্সিলের সাথে মিলে সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে এবং গত এক বছরে ১৫০টি নতুন পার্কিং বে তৈরি করেছে। তবে সমস্যা সমাধান না হলে ইজলিংটন থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য করা হবে।
#লন্ডন #ইবাইক #লাইম #ইজলিংটন #বাংলাসংবাদ















