সাইফ হাসান: যুক্তরাজ্যের একটি গ্রামে বাজেট সংকটের কারণে স্থানীয় লাইব্রেরি বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে। নর্থ সমারসেট কাউন্সিল তাদের খরচ কমানোর অংশ হিসেবে এই প্রস্তাব দিয়েছে। এর প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা ‘ফ্রেন্ডস অফ পিল লাইব্রেরি’ নামে একটি সংগঠন তৈরি করে এটি বাঁচানোর জন্য প্রচারণা শুরু করেছেন। তাদের মতে, এই লাইব্রেরিটি কেবল বই পড়ার স্থান নয়, এটি পুরো সম্প্রদায়ের একটি মিলনকেন্দ্র।
নর্থ সমারসেট কাউন্সিল তাদের লাইব্রেরি বাজেট থেকে ৪ লাখ ৩৩ হাজার পাউন্ড কমানোর পরিকল্পনা করছে, যার কারণে পিল, ওরল এবং উইন্সকম নামের তিনটি লাইব্রেরি বন্ধ হয়ে যেতে পারে। পিল লাইব্রেরি বাঁচানোর প্রচারণায় যুক্ত আবি মারে নামের একজন অভিভাবক বলেন, তার ছয় বছরের ছেলে প্রতি সপ্তাহে এখান থেকে বই নেয়, যা তাকে বই পড়তে উৎসাহিত করে। বাড়িতে থাকা কয়েকটি বই দিয়ে এই উৎসাহ ধরে রাখা সম্ভব নয়।
কাউন্সিলের নথি অনুযায়ী, পিল একটি অনগ্রসর এলাকা এবং এখানে লাইব্রেরির মতো সামাজিক প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনেক বেশি। লাইব্রেরিটি বন্ধ হলে বছরে মাত্র ২৮ হাজার পাউন্ড সাশ্রয় হবে, যার একটি বড় অংশ আবার অন্য জায়গায় ভ্রাম্যমাণ সেবা দিতেই খরচ হয়ে যাবে। প্রচারণায় যুক্ত হওয়া কাউন্সিলের সাবেক নেতা ডন ডেভিস বলেন, এটি শুধু বই পড়ার জায়গা নয়, এটি একটি উষ্ণ আশ্রয় এবং এখানে বিনামূল্যে কম্পিউটার ব্যবহারের সুযোগও রয়েছে।
কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং বিষয়টি পর্যালোচনার পর্যায়ে রয়েছে। আগামী ২৪ অক্টোবর পর্যন্ত এ বিষয়ে গণপরামর্শ চলবে। তবে একজন স্থানীয় লেখক এই ধরনের সিদ্ধান্তকে ‘অদূরদর্শী’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এমন সময়ে লাইব্রেরি বন্ধ করা মানে মানুষকে বই এবং জ্ঞান থেকে দূরে ঠেলে দেওয়া।















