ই-স্কুটারের ধাক্কায় মার্সিসাইডে পাঁচ বছরে গুরুতর আহত দুই শতাধিক শিশু

182

সাইফ হাসান: মার্সিসাইডে ই-স্কুটার দুর্ঘটনায় পাঁচ বছরে গুরুতর আহত হয়েছে প্রায় দুই শতাধিক শিশু। বেশিরভাগের মাথা ও মুখে আঘাতের পাশাপাশি হাড় ভাঙার ঘটনা ঘটেছে। অনেককে হাসপাতালে ভর্তি ও অস্ত্রোপচার করতে হয়েছে। লিভারপুল, ম্যানচেস্টার ও শেফিল্ড মিলিয়ে এ সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা না বাড়ালে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

অ্যালডার হেই চিলড্রেনস হাসপাতালে কর্মরত শিশু বিশেষজ্ঞ ডা. শার্লট ডুরান্ড জানান, তাদের কাছে আসা শিশুদের অনেকেই মারাত্মকভাবে আঘাত পেয়েছে। তিনি বলেন, শুধু মাথা ও মুখ নয়, একাধিক শিশুর হাড় ভাঙার মতো গুরুতর অবস্থা তৈরি হয়েছে।

ডা. ডুরান্ড আরও জানান, এসব শিশুর অনেককে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নিতে হয়েছে কিংবা দীর্ঘ সময় হাসপাতালে ভর্তি রাখতে হয়েছে। ম্যানচেস্টার ও শেফিল্ডের সহকর্মীদের তথ্য অনুযায়ী, একই সময়ে এই তিন অঞ্চলে মিলে প্রায় ৫০০ শিশু ই-স্কুটার দুর্ঘটনায় আহত হয়েছে।

তার মতে, এই সংখ্যা আসল অবস্থার কেবল ‘চূড়ার উপরের অংশ’। তিনি জোর দিয়ে বলেন, পরিবার, স্কুল ও স্থানীয় কমিউনিটিতে ই-স্কুটার ব্যবহারে সচেতনতা না বাড়ালে আরও বিপদ ঘটতে পারে।

এদিকে মার্সিসাইড পুলিশের ক্রাইম কমিশনার এমিলি স্পুরেল আগেও বিষয়টি নিয়ে সতর্ক করেছিলেন। তিনি জানান, অনেকে ভেবেছেন ব্যক্তিগত ই-স্কুটার কিনে পাবলিক জায়গায় চালানো যাবে। অথচ এসব স্কুটার সরকারি পাইলট প্রকল্পের অংশ নয় এবং সেগুলো জনসমাগমস্থলে চালানো সম্পূর্ণ অবৈধ।