সাইফ হাসান: যুক্তরাজ্যে কন্টাক্টলেস কার্ড পেমেন্টের সীমা শিগগিরই বদলাতে পারে। বর্তমানে ১০০ পাউন্ড পর্যন্ত খরচ করা গেলেও সেটি হয়তো উঠিয়ে দেওয়া হবে। নতুন প্রস্তাব অনুযায়ী ব্যাংক ও কার্ড প্রদানকারী প্রতিষ্ঠানগুলো নিজেরা সীমা নির্ধারণ করতে পারবে। এতে ক্রেতারা সহজে বড় অঙ্কের কেনাকাটা করতে পারবেন। তবে গ্রাহকের নিরাপত্তা নিশ্চিত থাকবে বলেই জানিয়েছে আর্থিক নিয়ন্ত্রক সংস্থা এফসিএ।
বুধবার (১০ সেপ্টেম্বর) আর্থিক নিয়ন্ত্রক সংস্থা ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি (এফসিএ) জানায়, সীমা বাতিলের এই প্রস্তাব গ্রাহকদের জন্য সুবিধাজনক হবে। একই সঙ্গে কার্ড সরবরাহকারীরা নিজেদের মতো করে গ্রাহকদের উপযোগী সীমা নির্ধারণের সুযোগ পাবে।
বর্তমানে প্রতিদিন সর্বোচ্চ ৩০০ পাউন্ড পর্যন্ত টাচ-ফ্রি পেমেন্ট করা যায়। তবে অনেক প্রতিষ্ঠান নিজেদের নিয়মে এর কম সীমা বেঁধে দেয় অথবা নির্দিষ্ট লেনদেন সংখ্যার পর গ্রাহককে পিন দিতে বাধ্য করে। এফসিএর পরামর্শ প্রক্রিয়া আগামী অক্টোবরেই শেষ হবে। অনুমোদন পেলে আগামী বছরই কার্যকর হতে পারে নতুন নিয়ম।
এফসিএর নির্বাহী পরিচালক ডেভিড গিল বলেন, স্মার্ট প্রযুক্তি ও প্রতারণা নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নত হয়েছে। তাই এখনই সময় গ্রাহকদের সুবিধা অনুযায়ী সীমা নির্ধারণে ব্যাংকগুলোকে স্বাধীনতা দেওয়ার। তিনি আরও আশ্বাস দেন, প্রতারণা হলে গ্রাহকের ক্ষতিপূরণ প্রতিষ্ঠানগুলোই বহন করবে।
২০০৭ সালে কন্টাক্টলেস কার্ড চালু হওয়ার সময় সীমা ছিল মাত্র ১০ পাউন্ড। ধাপে ধাপে তা বেড়ে ২০১৫ সালে হয় ৩০ পাউন্ড, করোনার সময়ে বেড়ে দাঁড়ায় ৪৫ পাউন্ড, আর ২০২১ সালে সীমা দাঁড়ায় ১০০ পাউন্ডে। এবার হয়তো যুক্তরাজ্যের মানুষ সীমাহীন লেনদেনের যুগে প্রবেশ করতে যাচ্ছে।















