সাইফ হাসান: ব্রিটিশ অভিনেতা মাইকেল ওয়ার্ডের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে। ২৭ বছর বয়সী এই অভিনেতার বিরুদ্ধে ২০২৩ সালের জানুয়ারিতে এক নারীর উপর দুটি ধর্ষণ এবং তিনটি যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়। তিনি অভিযোগ অস্বীকার করেছেন এবং আদালতে নিজের নাম পরিষ্কার হবে বলে আশা প্রকাশ করেছেন। মামলাটি আগামী ২৮ আগস্ট লন্ডনের থেমস ম্যাজিস্ট্রেট আদালতে শুনানির জন্য নির্ধারিত।
মাইকেল ওয়ার্ড, যিনি নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘টপ বয়’-এ জেমি চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত, ২০২৩ সালের জানুয়ারিতে এক নারীর বিরুদ্ধে অপরাধের অভিযোগে মেট্রোপলিটন পুলিশ কর্তৃক অভিযুক্ত হয়েছেন। মেট্রোপলিটন পুলিশের তদন্তের নেতৃত্বে থাকা ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট স্কট ওয়্যার বলেন, “আমাদের বিশেষজ্ঞ অফিসাররা অভিযোগকারী নারীকে সমর্থন দিয়ে যাচ্ছেন। এ ধরনের তদন্তের ফলে অভিযোগকারীদের উপর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে।” ওয়ার্ডের বিরুদ্ধে দুটি ধর্ষণ, দুটি শারীরিক অনুপ্রবেশের মাধ্যমে আক্রমণ এবং একটি যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে।
ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের (সিপিএস) লন্ডন সাউথের ডেপুটি চিফ প্রসিকিউটর ক্যাথরিন ব্যাকাস বলেন, “প্রমাণপত্র পর্যালোচনার পর সিপিএস মাইকেল ওয়ার্ডের বিরুদ্ধে অভিযোগ অনুমোদন করেছে। আমরা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে এই মামলা সক্রিয় রয়েছে এবং আসামির ন্যায্য বিচারের অধিকার রয়েছে। এই মামলার প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন কোনো রিপোর্টিং, মন্তব্য বা তথ্য শেয়ার করা উচিত নয়।” ওয়ার্ড আগামী ২৮ আগস্ট থেমস ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হবেন।
ওয়ার্ড তার বিবৃতিতে বলেন, “আমি আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করছি। আমি পুলিশের তদন্তে পূর্ণ সহযোগিতা করেছি এবং করতে থাকব। আমি বিশ্বাস করি এই প্রক্রিয়া আমার নাম পরিষ্কার করবে।” তিনি আরও বলেন, মামলা চলমান থাকায় তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে পারবেন না। ওয়ার্ডের ব্রিটিশ এজেন্সি অলিভিয়া বেল ম্যানেজমেন্ট তাকে আর প্রতিনিধিত্ব করছে না, তবে তিনি এখনও যুক্তরাষ্ট্রের ক্রিয়েটিভ আর্টিস্টস এজেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন।
জ্যামাইকান বংশোদ্ভূত এই অভিনেতা ২০১৯ সালে ‘ব্লু স্টোরি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন এবং ২০২০ সালে বাফটা রাইজিং স্টার পুরস্কার জিতেন। তিনি বিবিসি’র ‘স্মল অ্যাক্স’ সিরিজের ‘লাভার্স রক’-এ ফ্রাঙ্কলিন কুপারের ভূমিকায় অভিনয়ের জন্য ২০২১ সালে সেরা সহায়ক অভিনেতার বাফটা মনোনয়ন পান। সম্প্রতি তিনি ‘এম্পায়ার অব লাইট’ (২০২২) এবং আসন্ন মার্কিন চলচ্চিত্র ‘এডিংটন’-এ অভিনয় করেছেন, যা আগামী মাসে যুক্তরাজ্যে মুক্তি পাবে। এই অভিযোগ তার ক্যারিয়ারে বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।
এই প্রতিবেদনের সূত্র: The Guardian















