গ্রীষ্মে ভয়াবহ খরার মুখোমুখি ইংল্যান্ড: জলাশয়ে পানির স্তর নেমে এলো বিপদসীমায়!

127

সাইফ হাসান: ইংল্যান্ড এই গ্রীষ্মে তীব্র খরার কবলে পড়তে যাচ্ছে। জলাশয়গুলোতে পানির স্তর অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় পানির সংকট এড়াতে বৃষ্টির জন্য মরিয়া হয়ে অপেক্ষা করছে দেশটি। সরকার ও পানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে সম্ভাব্য সংকট মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে। স্কটল্যান্ড ইতোমধ্যে পানির সংকট নিয়ে সতর্কতা জারি করেছে।

মঙ্গলবার (৬ মে ২০২৫) জানা গেছে, ইংল্যান্ডে গত ৩০ বছরেরও বেশি সময় ধরে কোনো নতুন জলাশয় নির্মাণ হ়নি। ফলে খরার ঝুঁকি আরও বেড়েছে। এই বছরের বসন্তকাল ছিল রেকর্ড পরিমাণ শুষ্ক, বিশেষ করে থেমস অঞ্চলে গড় বৃষ্টিপাতের মাত্র ১৩% পানি পড়েছে। জলাশয়ের পানির স্তর স্বাভাবিকের তুলনায় ১০% কম, যেমন হাওয়েসওয়াটার জলাশয়ের পানি এখন মাত্র ৬২.৩% ধারণক্ষমতায় রয়েছে, যা এই সময়ে সাধারণত ৯৮% থাকে।

চার্টার্ড ইনস্টিটিউশন অব ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট (CIWEM)-এর একজন মুখপাত্র বলেন, “২০২৫ সালের শুরু থেকে বৃষ্টিপাতের পরিমাণ কম। এটি জলাশয় ও ভূগর্ভস্থ পানির পুনর্ভরণে বাধা সৃষ্টি করেছে। খরা এড়াতে ২০১২ সলের মতো প্রচুর বৃষ্টির প্রয়োজন, যখন রেকর্ড বৃষ্টিতে বন্যা হয়েছিল।”

ইউকে সেন্টার ফর ইকোলজি অ্যান্ড হাইড্রোলজি (UKCEH) সতর্ক করে বলেছে, নদীর প্রবাহও এই সময়ের তুলনায় অনেক কম। কিছু এলাকায় ১৯৫৮ সাল থেকে রেকর্ড করা সর্বনিম্ন প্রবাহ রেকর্ড করা হয়েছে। ইউনাইটেড ইউটিলিটিসের মতো কোম্পানির জলাশয়ের স্তর এখন ৭১% এ নেমে এসেছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে গরম ও শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। মেট অফিসের বিজ্ঞানী এমিলি কার্লাইল বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডÇগরম আবহাওয়া বাড়বে।” এই পরিস্থিতিতে পানি ব্যবহারে সীমাবদ্ধতা, যেমন হোসপাইপ নিষেধাজ্ঞা, জারি হতে পারে।

থেমস ওয়াটারের একজন মুখপাত্র বলেন, “আমাদের জলাশয়ের স্তর এখনো ৯৪% এ রয়েছে, যা গ্রীষ্মের জন্য ভালো অবস্থান। তবে আমরা সবাইকে পানি সাশ্রয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।” ইউনাইটেড ইউটিলিটিসের মুখপাত্র বলেন, “৯০ বছরের মধ্যে এটি সবচেয়ে শুষ্ক বছরের শুরু। তবে আমরা সবাই পানি বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করলে পরিবেশ ও মানুষের জন্য পর্যাপ্ত পানি নিশ্চিত করতে পারি।”

সরকার জানিয়েছে, পানি সংকট মোকাবিলায় ১০৪ বিলি়ন পাউন্ড বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে নতুন নয়টি জলাশয় নির্মাণও অন্তর্ভুক্ত। তবে বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে খরা ও বন্যার মতো চরম আবহাওয়া মোকাবিলায় পানি ব্যবস্থাপনার পুনর্গঠন জরুরি।

এই প্রতিবেদনের সূত্র: The Guardian