সাইফ হাসান: ব্রিটেনের বার্মিংহামে আবর্জনা সংগ্রহকারীদের ধর্মঘটের কারণে রাস্তায় আবর্জনার স্তূপ জমছে। ইউনিয়ন নেতারা সতর্ক করে বলেছেন, এই ধর্মঘট দেশের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়তে পারে। বার্মিংহাম সিটি কাউন্সিলের সঙ্গে বিরোধের জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
ইউনাইট ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্যারন গ্রাহাম এলবিসি’র সঙ্গে আলাপে বলেন, “যদি অন্য কাউন্সিলগুলো নিম্ন-বেতনের কর্মীদের ওপর খারাপ সিদ্ধান্তের বোঝা চাপায়, তাহলে সেখানেও আমাদের পদক্ষেপ নিতে হবে।” তিন আরও বলেন, কর্মীদের বেতন কমানো বা চাকরি কাটার বিরুদ্ধে তারা লড়বেন।
বিবিসি রেডিও ফোর-এ ইউনিয়নের জাতীয় নেতা ওনায় কাসাব বলেন, “অন্যান্য স্থানীয় কর্তৃপক্ষ যদি জনসেবায় নিয়োজিত কর্মীদের বেতন কমায়, তাহলে ধর্মঘট ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এজন্য ভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন।”
বার্মিংহামে এই ধর্মঘট শুরু হয়েছে কাউন্সিলের একটি সিদ্ধান্তের কারণে। তারা আর্থিক সংকট কাটাতে আবর্জনা সংগ্রহের ট্রাক থেকে একটি পদ বাদ দেওয়ার পরিকল্পনা করেছে। এর ফলে কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। গত এক মাসেরও বেশি সময় ধর চলা এই ধর্মঘটে শহরে ইঁদুরের উপদ্রব বেড়েছে এবং জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরি হয়েছে।
এদিকে, দেশের অন্যান্য অঞ্চলেও একই ধরনের বিরোধ দেখা দিয়েছে। পিটারবরোতে জিএমবি ইউনিয়ন বেতন নিয়ে কাউন্সিলের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে। সেখানে কর্মীরা জাতীয় ন্যূনতম মজুরির সামান্য বেশি পান। আবার, অ্যাবারডিনে শত শত কর্মী বেতন বৃদ্ধি ও কর্মঘণ্টা কমানোর দাবিতে ধর্মঘটের পক্ষে ভোট দিয়েছেন।
সোমবার ইউনাইট জানায়, বার্মিংহামে তাদের সদস্যরা কাউন্সিলের দেওয়া “অপর্যাপ্ত” প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছেন। আগামী বুধবার এ বিষয়েठরও আলোচনার কথা রয়েছে।
এই প্রতিবেদনের সূত্র: The Guardian















