ওয়ানবাংলানিউজ: ওয়েলসের রাজনীতিতে বড় ধাক্কা! একসময় যাঁদের জমিদারি বলা হত, সেই লেবার পার্টি এবার নির্বাচনে দ্বিতীয় না হয়ে তৃতীয় হওয়ার শঙ্কায়! ব্রিটিশ রাজনীতির আলোচিত দল রিফর্ম ইউকে ২০২৬ সালের সেনেড ভোটে ওয়েলশ লেবারকে টপকে যেতে পারে বলে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে লেবারের নিজস্ব জরিপে।
লেবার পার্টি ১৯৯৯ সালে ডিভলিউশন চালু হওয়ার পর থেকে ওয়েলসের সরকারে ধারাবাহিকভাবে রয়েছে। কিন্তু নতুন প্রোপোরশনাল ভোটিং সিস্টেমের কারণে এবার রিফর্ম ইউের মতো দলও বড় ধরনের সাফল্য পেতে পারে—এমনটাই ইঙ্গিত করছে দলীয় পর্যায়ের জরিপ।
জরিপ অনুযায়ী, রিফর্ম ইউকে’র সমর্থন এখন ২৫ শতাংশ, যেখানে লেবার ও প্লেইড কামরির সমর্থন সমানভাবে ২১ শতাংশে নেমে এসেছে।
২০২৬ সালের মে মাসে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, এখন থেকেই লেবার পার্টির মধ্যে ভয়ের সুর। ২০২৪ সালে যারা লেবারকে ভোট দিয়েছিল, তাদের এক-তৃতীয়াংশেরও বেশি এবার মুখ ফিরিয়ে নিচ্ছে। ফলে ভোট ধরে রাখতে হিমশিম খাচ্ছে দলটি।
সার্ভেশন পরিচালিত আরেকটি জরিপে দেখা যায়, লেবার পেয়েছে ২৭ শতাংশ, আর রিফর্ম ও প্লেইড কামরি—দুই দলই ২৪ শতংশ করে। এতে বোঝা যাচ্ছে, রিফর্ম ইউকে’র উত্থান লেবার ঘরেই ধাক্কা দিচ্ছে।
কাভেন্ডিশ কনসালটিং পরিচালিত এক “সেনেড সিট প্রজেক্টর”-এ উঠে এসেছে আরেক বিস্ফোরক তথ্য—জরিপ অনুযায়ী লেবার পেতে পারে ২৮টি আসন, আর রিফর্ম ইউকে মাত্র এক আসন কম, অর্থাৎ ২৭টি! অর্থাৎ, বিরোধীদলের আসনে এবার জায়গা করে নিতে পারে নাজিল ফারাজের দল রিফর্ম ইউকে।
এই পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লেবার এখন দোটানায়—তারা কি রিফর্মের দিক ঝুঁকে পড়া ভোটারদের ফেরাবে, নাকি আগের মতো প্রগ্রেসিভ পলিসি নিয়েই এগোবে?
লেবারের এক অভ্যন্তরীণ সূত্র জানায়, “আমর এখন এমন এক পয়েন্টে পৌঁছেছি, যেখানে আমাদের নিজেদের মূল ভোটারদের ধরে রাখতে এবং একইসাথে রিফর্মের দিকে চলে যাওয়া ভোটারদের ফেরানোর কৌশল ঠিক করতে হবে।”
ওয়েলসের ফার্স্ট মিনিস্টার এলুনেড মরগান বলেন, “ইউকে সরকারের বেনিফিট কাটার পরিকল্পনা নিয়ে আমাদের প্রতিবাদই প্রমাণ করে যে আমরা জনগণের পাশে আছি।”
এদিকে, লেবারের সাবেক ফার্স্ট মিনিস্টার ক্যারউইন জোন্স বলেন, “আমাদের ভাবা উচিত কেন কিছু ভোটার রিফর্মের দিকে চলে যাচ্ছে। আমি যখন ফার্স্ট মিনিস্টার ছিলাম, তখন সবসময় চেষ্টা করতাম সাধারণ মানুষের মতো কথা বলি, যেন কেউ মনে না রে আমি জার্গন বকছি।”
এই প্রতিবেদনের সূত্র: The Guardian
প্রতিবেদনটি করেছেন: সাইফ হাসান | ওয়ানবাংলানিউজ















