কনজারভেটিভ পার্টির বড় ধাক্কা: মিলিয়ন পাউন্ডের দাতা আর অর্থ দিচ্ছেন না

41

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি আর্থিক সংকটে পড়তে যাচ্ছে এক বিশাল ধনী দাতার সহায়তা বন্ধ হয়ে যাওয়ায়। পার্টির সবচেয়ে বড় দাতাদের একজন রিচার্ড হারপিন আর কোনো অনুদান দেবেন না বলে জানিয়েছে গার্ডিয়ান।

রিচার্ড হারপিন, যিনি হোমসার্ভ নামক হোম রিপেয়ার কোম্পানির প্রতিষ্ঠাতা, গত বছরেই কনজারভেটিভদের দিয়েছেন প্রায় ৮.৫ লাখ পাউন্ড। ২০০৮ সাল থেকে তিনি মোট দিয়েছেন প্রায় ৩.৮ মিলিয়ন পাউন্ড, যার মধ্যে ২ মিলিয়ন পাউন্ড ছিল নগদ অনুদান। তে এখন তিনি অনুদান বন্ধ করে দিয়েছেন বলে জানাচ্ছেন টোরি দলের অন্তর্দৃষ্টিসম্পন্ন দুই সূত্র।

নেতৃত্বে বাজে সময় পার করছেন কেমি ব্যাডেনচ
দলের বর্তমান নেতা কেমি ব্যাডেনচের সময়েই হারপিনের মতো প্রভাবশালী দাতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন। দলটি এখন তীব্র প্রতিদ্বন্দ্বিতায় পড়েছে নাইজেল ফারাজের রিফর্ম ইউকে দলের সঙ্গে। কেমি ব্যাডেনচের নেতৃত্বে আরও কিছু টোরি দাতা রিফর্ম ইউকের দিকে ঝুঁকেছেন বলেও শোনা যাচ্ছে।

লিডস অফিস বন্ধের সম্ভাবনা
নর্থইস্ট ইংল্যান্ডের লিডস শহরে কনজারভেটিভদের যে উত্তরাঞ্চলীয় সদর দফতর রয়েছে, সেটির খরচ চালতেন হারপিন। মাসে ৩৩ হাজার পাউন্ড অনুদান দিয়ে সেই অফিস সচল রেখেছিলেন তিনি। এই অনুদান বন্ধ হয়ে যাওয়ায় লিডস অফিসটি বন্ধ হয়ে যেতে পারে বলে জানাচ্ছে টোরি সূত্র।

২০২০ সালে বরিস জনসনের বিজয়ের পর উত্তর ইংল্যান্ডে “রেড ওয়াল” আসনগুলো জয় করার লক্ষ্যে লিডস অফিস চালু করা হয়েছিল। কিন্তু ২০২৪ সালের নির্বাচনে বেশিরভাগ আসন আবার লেবারের হাতে চলে যাওয়ায় এখন সেই অফিসের ভবিষ্যৎ অনিশ্চিত।

হারপিনের প্রতিক্রিয়া
হারপিনের ঘনিষ্ঠ এক সূত্র জানায়, তিনি আপাতত অনুদান বন্ধ করলেও কনজারভেটিভদের প্রতি তার সমর্থন এখনো আছে। তার এই সিদ্ধানত নেওয়া হয়েছে পার্টির কো-চেয়ার ডমিনিক জনসনের সঙ্গে এক বৈঠকের পর বলে ধারণা করা হলেও, তা নাকচ করেছেন হারপিন ও দলের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অর্থকষ্টে কনজারভেটিভ পার্টি
২০২৪ সালের শেষ তিন মাসে কনজারভেটিভরা প্রায় ২০ লাখ পাউন্ড তুললেও দলের মোট কর্মীসংখ্যা কমে এসেছে ২০০ থেকে মাত্র ৬০-এ। ওয়েস্টমিনস্টারে পার্টির মূল সদর দফতরও বন্ধ করে অন্যত্র স্থানান্তরের চিন্তা চলছে।

উল্লেখ্য, গত বছর কনজারভেটিভরা হারপিনের অনুদানের হিসাব ভুল উপস্থাপন করায় প্রায় ১১,০০০ পাউন্ড জরিমানা গুণতে হয়েছিল। শুধু নগদ নয়, হারপিন একজন কর্মীকেওকনজারভেটিভদের সঙ্গে কাজ করার জন্য পাঠিয়েছিলেন।

দাতা পাল্টাচ্ছে দল
নির্বাচনের আগে ফোনস ৪ ইউ-এর প্রতিষ্ঠাতা জন কডওয়েল এবং কার্পেট ব্যবসায়ী ফিলিপ হ্যারিস কনজারভেটিভ ছেড়ে লেবার পার্টিকে সমর্থন দেন। একইভাবে, ধনকুবের প্রপার্টি ডেভেলপার নিক ক্যান্ডিও এখন রিফর্ম ইউকে-র কোষাধ্যক্ষ হিসেবে নাইজেল ফারাজের জন্য অর্থ সংগ্রহ করছেন।

এই প্রতিবেদনের সূত্র: BBCNews
প্রতিবেদনটি করেছেন: সাইফ হাসান | ওয়ানবাংলানিউজ