খেলাধুলা ডেস্ক: পাকিস্তানের লক্ষ্য ৩৪২ রান। এই পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রপির প্রস্তুতি ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা দলীয় মাত্র ১৯ রানের মাথায় দুই উইকেট হারিয়ে বসে। ওপেনার আজহার আলী ও ওয়ানডাউনে খেলতে নামা বাবর আজমকে ফিরিয়েছেন দুই পেসার মাশরাফি বিন মুর্তজা ও তাসকিন আহমেদ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তান ১৫.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৫ রান তুলেছে।
এর আগে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে করেছে ৩৪১ রান। তামিম ইকবালের অসাধারণ সেঞ্চুরিতেই (১০২) এই বিশাল সংগ্রহ গড়ে।
অবশ্য শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। সপ্তম ওভারে দলীয় ২৭ রানের মাথায় জুনায়েদ খানের বলে স্লিপে বাবর আজমকে ক্যাচ দিয়ে ফিরেন সৌম্য সরকার। ১৯ রান করেন তিনি। এরপর ইমরুলকে নিয়ে ১৪২ রানের জুটি বাঁধেন তামিম ইকবাল। দলীয় ১৬৯ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ফিরে যান ইমরুল। ৬২ বলে আটটি চারে ৬১ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
পাকিস্তানি বোলারদের বেশ ভালোভাবেই সামলেছেন তামিম। ওয়াহাব রিয়াজ, হাসান আলী, জুনায়েদ খানদের মতো বোলারদের বেধড়ক পিটিয়েছেন এই বাঁহাতি। ৩৯ বলে হাফ সেঞ্চুরি করার পর ৮৯ বলে শতকও পূর্ণ করেন এই ব্যাটসম্যান। শতক হওয়ার পরই অবশ্য ফিরে গেছেন তামিম। ৯৩ বলে ১০২ রান করার পর শাদাব খানের বলে জুনায়েদকে ক্যাচ দেন তিনি।
এরপর মুশফিকুর রহিম ৪৬, ও সাকিব আল হাসান ২৩ ও মাহমুদউল্লাহ ২৯ রান করে সাজঘরে ফিরে যান।
জুনায়েদ, হাসান আলী ও শাদাব দুটি করে উইকেট নিয়ে বাংলাদেশের বড় সংগ্রহের পথে খুব একটা বাধা হতে পারেননি।
আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্ব র্যাংকিংয়ে ছয় নম্বর দল হিসেবে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। পাকিস্তান বর্তমানে অষ্টম স্থানে রয়েছে।
আয়ারল্যান্ড থেকে ফিরেই প্রস্তুতি ম্যাচের জন্য অনুশীলন শুরু করে দেয় বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচের মতো এই ম্যাচেও সাত ব্যাটসম্যান নিয়ে মাঠে নামছে মাশরাফির দল।















