আন্তর্জাতিক ডেস্ক: দুই সপ্তাহের ব্যবধানে ইরানের পূর্বাঞ্চলে শুক্রবার পরপর দুই দফা শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে প্রথম দফার আঘাত ছিল ৬ মাত্রার। এর ১০ মিনিট পর ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে সেখানে। খবর রয়টার্সের।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কেরমান শহরের ৩৬ মাইল দূরে। উল্লেখ্য, এটি দেশটির অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা।
স্থানীয় কর্মকর্তারা বলছেন, ভূমিকম্পে কমপক্ষে ৪২ জন মানুষ আহত হয়েছেন। এতে বেশ কিছু ঘরবাড়ি ধসে পড়ে। ইরানে রেডক্রিসেন্টের প্রধান মোর্তাজা সালিমি বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও সহায়তা কার্যক্রম চলছে।
প্রায় দেড় দশক আগে ২০০৩ সালের ডিসেম্বরে কেরমান প্রদেশের রাজধানী বাম শহরে শক্তিশালী ভূমিকম্পে ২০ হাজারেরও বেশি প্রাণহানি ঘটে। দেশটির ইতিহাসে ভয়াবহ এক বিপর্যয় ছিল ওই ভূমিকম্পটি।
উল্লেখ্য, দুই সপ্তাহ আগে গত এক দশকের সবচেয়ে বড় ভূমিকম্পের আঘাতে নিহত হন প্রায় পাঁচশ ৪০ জন মানুষ। আহত হয়েছেন প্রায় ৮ হাজার। ইরাক-ইরান সীমান্তে আঘাত হানা ৭ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেরমানশাহ প্রদেশ।















