নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের গাড়িতে ডাকাতি

199

ঢাকা সংবাদদাতা: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতাদের বহন করা একটি গাড়িতে হামলা ও ডাকাতি হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। রোববার দিবাগত রাত ২টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

ওই পোস্টে তিনি লিখেন, ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর
হামলার শিকার হয়েছে। সেখানে তাদের ব্যাগ ও মোবাইল নিয়ে নেয়া হয়েছে এবং অনেকেই হামলায় আহত হয়েছেন।

দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি আরও লিখেন, বাংলাদেশ সরকারের নিকট ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

বান্দরবানের লামা যাওয়ার পথে রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মোগরাপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় গাড়িটিতে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যসচিব আরিফ সোহেল, সদস্য রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, মাহমুদা সুলতানা, রাকিব মোহাম্মদ, মুঈনুল ইসলাম, ইব্রাহিম নীরব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসমিন মিতু ও ছাত্রনেতা মিশু আলী। তাদের মধ্যে রাকিব মোহাম্মদ ও মাহমুদা সুলতানা আহত হয়েছেন।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, ‘গাড়িটি ছিনতাইকারীদের কবলে পড়েছিল। সেখানে থাকা তাৎক্ষণিক আমাদের টহল টিমটি গেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। ছিনতাইকারীদের ধরতে তৎপরতা শুরু করেছি।’