টস জিতে ব্যাটিংয়ে চিটাগং

900

খেলাধুলা ডেস্ক: ঢাকা পর্বের শেষ দুই ম্যাচে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। টানা পাঁচ ম্যাচ জয়ের পর উড়তে থাকা দলটির আত্মবিশ্বাসে কিছুটা হলেও চিড় ধরেছে তাতে। তবে চট্টগ্রাম পর্বে ঘুরে দাঁড়াতে চায় দলটি। সেই মিশনে শুরুতেই দলটির প্রতিপক্ষ স্বাগতিক চিটাগং ভাইকিংস। ঘরের মাঠে ফিরে দারুণ ক্রিকেট খেলছে দলটি। শেষ চারে যেতে জয়ের কোন বিকল্প নেই স্বাগতিকদের। সেই লক্ষ্যে সোমবার দিনের প্রথম খেলায় টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছে চিটাগং। জহুর আহেমদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ১টায়।

গুরুত্বপূর্ণ এ ম্যাচে একাদশে বড় ধরণের পরিবর্তন এনেছে ঢাকা। দলে নেই বিধ্বংসী ব্যাটসম্যান কাইরন পোলার্ড। ঢাকা পর্ব শেষে ছয় দিনের বিরতি থাকায় দুবাইয়ে ঘুরতে গিয়েছেন এ তারকা। এখনও ফেরেননি। গিয়েছিলেন আফ্রিদিও। তবে ম্যাচের আগেই ফিরেছেন তিনি। পোলার্ডের সঙ্গে একাদশে নেই মোহাম্মদ আমিরও। তাদের জায়গায় দলে এসেছেন নতুন দুই খেলোয়াড় – ক্যামেরেন ডেলপোর্ট ও জো ডেনলি।

এছাড়া স্থানীয় দুই অফফর্মে থাকা খেলোয়াড় মেহেদী মারুফ ও নাদিফ চৌধুরীও একাদশে জায়গা হারিয়েছেন। ঢুকেছেন নূর আলম সাদ্দাম ও মোহাম্মদ শহীদ। একাদশে পরিবর্তন এনেছে চিটাগংও। লুইস রিসকে বাদ দিয়েছে তারা। তার জায়গায় ঢুকেছেন রায়াদ এমরিত। ৮ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে রয়েছে স্বাগতিক চিটাগং। আর ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে ঢাকা।

একাদশ :
চিটাগং ভাইকিংস : লুক রনকি (অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক বিজয়, রায়াদ এমরিত, নাজিবুল্লাহ জাদরান, সিকান্দার রাজা, স্টিয়ান ভ্যান জিল, আল আমিন, তানবীর হায়দার, সানজামুল ইসলাম ও তাসকিন আহমেদ।

ঢাকা ডায়নামাইটস : সাকিব আল হাসান (অধিনায়ক), ইভিন লুইস, শহিদ আফ্রিদি, জহুরুল ইসলাম, ক্যামেরেন ডেলপোর্ট, জো ডেনলি, মোসাদ্দেক হোসেন সৈকত, সুনিল নারিন, আবু হায়দার রনি, নূর আলম সাদ্দাম ও মোহাম্মদ শহীদ।