নিউজ ডেস্ক: ঠাণ্ডায় কাবু হয়ে পড়েছে বৃটেন। এ বছরে ভয়াবহ তুষারপাতের ফলে প্রথমবারের মতো বৃটেনজুড়ে প্রায় ২০০ স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে আরও তুষারপাতের কথা বলা হয়েছে। বলা হয়েছে, আরও বরফ জমতে পারে। অনলাইন বিবিসি, ডেইলি মেইল এ খবর দিয়েছে। এতে আরও বলা হয়েছে, মঙ্গলবার বৃটেনে তাপমাত্রা নেমে যায় মাইনাস ১২.২ ডিগ্রি সেলসিয়াসে। রেক্সহ্যামের পাউয়িস, ওয়েলসের ফ্লিন্টশায়ার এলাকায় প্রায় ১৩০টি স্কুল, ওয়েস্ট মিডল্যান্ডসে প্রায় ৫০টি এবং ডার্বিশায়ারে ১৯টি স্কুল খারাপ আবহাওয়ার কারণে বন্ধ করে দেয়া হয়েছে। মঙ্গলবারের তুষারপাতের পর দিনভর হিম তাপমাত্রা থাকতে পারে। রাতে এমন তাপমাত্রার ফলে বুধবার রাস্তায় ও ফুটপাথে বরফ জমতে পারে। মঙ্গলবার বাকি সময়ের জন্য ওয়েস্ট মিডল্যান্ডে তুষার ও বরফ বিষয়ক হলুদ সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস। বুধবার সকালে ওয়েলসেও একই সতর্কতা দেয়া হয়েছে। গ্রিনিচ মান সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ইংল্যান্ডের পূর্ব ও উত্তরাঞ্চলে, স্কটল্যান্ডের দক্ষিণ-পশ্চিমে এবং উত্তর
আয়ারল্যান্ডের জন্য এ পূর্বাভাষ কার্যকর হওয়ার কথা। বুধবার সকাল পর্যন্ত উত্তর স্কটল্যান্ড থাকবে হলুদ সতর্কতার অধীনে। হলুদ সতর্কতার মানে হলো আবহাওয়ার কারণে চলাচল বিঘ্নিত হবে। গাড়ি পিছলে যাওয়ার ঝুঁকিতে থাকবে। পিছলে বরফে আচ্ছাদিত স্থানগুলোতে পড়ে যেতে পারে।















