ওয়ানবাংলানিউজ: গ্রীষ্মের ছুটি চলাকালীন সময়ে ইংল্যান্ডের বিভিন্ন স্থানে যে দাঙ্গা ছড়িয়ে পড়েছিল, তাদের অন্যতম জঘন্য ঘটনাটি ঘটেছিল সাউথ ইয়র্কশায়ারে, একটি হোটেলে, যেখানে এসাইলাম সীকারদের রাখা হয়েছিল। একদল উস্রিংখল জনতা পুলিস এবং হোটেলের বাসিন্দাদের ওপর হামলা করে। এই হামলার বিচার কাজে নিয়োজিত বিচারক শুক্রবার তাঁর রায়ে বলেন, এই হামলাটি ছিল মূর্খতাপূর্ণ ও বর্ণবাদী হামলা। হামলাকারীদের একজন ছিলেন টমাস বার্লি। ফুটেজে দেখা যায়, দাঙ্গা চলাকালে তিনি পুলিস কর্মকর্তাদের দিকে লক্ষ্য করে বিন ছুড়ে মারছিলেন; এরপর দেখা যায় হোটেলের একটি বাহির হওয়ার পথে লাগানো আগুনে তিনি একটি চাকা লাগানো বিন উঠিয়ে দিচ্ছেন।
দাঙ্গায় জড়িত হওয়ার অপরাধে এ পর্যন্ত যে কয়জনকে কারাদণ্ড দিয়েছেন বিভিন্ন আদালত, টমাস বার্লি পেয়েছেন তাদের মধ্যে সর্বোচ্চ মেয়াদের কারাদণ্ডঃ ৯ বছর।
শুক্রবার দাঙ্গাসংশ্লিষ্ট আরও কয়েকটি মামলার শুনানি হয়েছে। ৮১ বছর বয়স্ক কীথ এডওয়ার্ড এর বিরুদ্ধে নটিংহামে অনুষ্ঠিত বর্ণবাদবিরোধী একটি প্রতিবাদ সমাবেশে হুমকিমূলক আচরণের অভিযোগ গঠন করা হয়েছে; তবে তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে লেইবার দল থেকে বহিষ্কৃত কাউন্সিলার রিকি জোন্স লন্ডনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে সহিংস বিশৃঙ্খলায় উস্কানি দেয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
তবে সাউথ ইয়র্কশায়ারের হোটেলে হামলার অপরাধে দোষী সাব্যস্ত টমাস বার্লিকে আদালতের বিচারক একজন বিপদজনক অপরাধী হিসেবে বর্ণনা করেছেন।















