ঢাকা সংবাদদাতা: বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চেয়েছেন ঢাকায় সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক সামরিকবিষয়ক বিভাগের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী মিরা রেজনিক। পাশাপাশি তিনি সামগ্রিক নিরাপত্তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কেও জানতে চেয়েছেন।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার বিকালে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এসব বিষয়ে জানতে চান মিরা রেজনিক।
পরে পররাষ্ট্রসচিব সাংবাদিকদের এসব তথ্য জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, নির্বাচনের ব্যাপারে তারা (যুক্তরাষ্ট্র) জানতে চেয়েছে, আগ্রহ প্রকাশ করেছে। আমরা বলেছি যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর। নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়াতে সহযোগিতার প্রয়োজন হলে তারা (যুক্তরাষ্ট্র) তা দিতে রাজি আছে।
মানবাধিকার নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে মাসুদ বিন মোমেন বলেন, সামগ্রিক নিরাপত্তার কথা যদি বলি সেখানে তো মানবাধিকার এসেই যায়। সেখানে আমাদের যেসব বাধ্যবাধকতা রয়েছে, সেগুলো আমরা জাতীয় ও আন্তর্জাতিকভাবে পূরণ করছি।
এর আগে মিরা রেজনিক ফরেন সার্ভিস একাডেমিতে নবম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংলাপে যোগ দেন। সংলাপে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (উত্তর আমেরিকা অনুবিভাগ) খন্দকার মাসুদুল আলম।














