মোদির কাছে বাংলাদেশ নিয়ে মমতার অনেক অভিযোগ

1299

আন্তর্জাতিক ডেস্ক: কয়েকটি আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে জোর অভিযোগ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে এ অভিযোগ করেন।

এ সময় মোদির কাছে বিশেষভাবে চারটি নদীর কথা তুলে ধরেন মমতা। তার অনুরোধ, দ্বিপাক্ষিক স্তরে এর সমাধান হোক। পাশাপাশি মমতার ক্ষোভ, ইলিশ দেয়া তো বাংলাদেশ বন্ধ করেই দিয়েছে। মালদহ-মুর্শিদাবাদের আমও এখন ওখানে রপ্তানি করা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। কারণ আমদানি শুল্ক দ্বিগুণ করে দিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের অনুরোধ জানানো বলেও জানান তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বোঝাতে চাইছেন, বাংলাদেশের সঙ্গে অনেক দ্বিপাক্ষিক বিষয় দীর্ঘদিন ঝুলে রয়েছে। সেগুলির আগে সমাধান হোক। তাই তিস্তা নিয়ে বাংলাদেশ এবং মোদি সরকারের চাপকেই তিনি কার্যত ফেরত পাঠিয়েছেন সুকৌশলে।

বৈঠকের পর মমতা বলেন, আত্রেয়ী, পুনর্ভবা, এবং টাঙন- এ তিনটি আন্তর্জাতিক নদীর স্রোত শুকিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে এসে। বাংলাদেশ এমন ভাবে বাঁধ দিয়েছে যে, দক্ষিণ দিনাজপুরে প্রবল জলাভাব দেখা দিয়েছে। বাংলাদেশের মাথাভাঙা নদী নদিয়া দিয়ে বয়ে গিয়েছে চূর্ণী নামে। পশ্চিমবঙ্গের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ মেপে দেখেছে, ওপার থেকে এত বেশি বর্জ্য পদার্থ এই নদী বয়ে আনছে যে, এপারে তার জল ব্যবহারের অযোগ্য হয়ে যাচ্ছে। নদী সমস্যার পাশাপাশি গঙ্গার ভাঙন রোধে অবিলম্বে সরকারি হস্তক্ষেপেরও দাবিও জানান মমতা।