ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করতেই হিন্দুদের ঘরবাড়িতে আগুন: কাদের

830

ঢাকা সংবাদদাতা: ভারতের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক নষ্ট করতেই রংপুরে হিন্দুদের বাড়িঘরে হামলা-ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে।
বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার রংপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া হিন্দুদের বাড়িঘর পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, রংপুর ও নাসিরনগরের ঘটনা একইসূত্রে গাঁথা। তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান এ আওয়ামী লীগ নেতা।
ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে সহিংসতা এবং অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রংপুর গেছেন ওবায়দুল কাদের।
রোববার সকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমানে তিনি সফর সঙ্গীদের নিয়ে ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশে রওনা দেন।
গেলো ১০ নভেম্বর ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুর সদরের ঠাকুরপাড়া এলাকায় হিন্দুদের ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটে। এতে নয়টি হিন্দু পরিবারের ১৮টি ঘর ভস্মীভূত হয়।
এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে হাবিবুর রহমান নামে একজন নিহত হন। পুলিশসহ আহত হন আরও ৩০ জন।
ওবায়দুল কাদেরের সফরসঙ্গী হিসেবে আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বিএম মোজাম্মেল হক ও উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।