যুদ্ধ এবার রাশিয়ায় হবে: জেলেনস্কি

121

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে সতর্ক করে বলেছেন, যুদ্ধ এবার রাশিয়ায় হবে। রাশিয়ার রাজধানী মস্কোতে সম্প্রতি ড্রোন হামলার পর এ মন্তব্য করলেন তিনি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার মস্কোতে এ হামলার ঘটনা ঘটে।

ইউক্রেনের পশ্চিমাঞ্চলের শহর আইভানোফ্রাঙ্কিস্ক থেকে দেয়া এক ভিডিও বার্তায় ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ ভূখণ্ডে এ হামলার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের একটি অনিবার্য, স্বাভাবিক এবং ন্যায্য কাজ হয়েছে। ইউক্রেন আরও শক্তিশালী হচ্ছে।

এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রোববার মস্কোর দিকে আসা তিনটি ইউক্রেনীয় ড্রোন বিভিন্ন ভবনে আঘাত হানে। এর মধ্যে দুইটি আঘাত হেনেছে সরকারি ভবনে। ক্ষণিকের জন্য বন্ধ করে দিতে হয়েছে ভনুকোভো বিমানবন্দর।

এর আগেও মস্কোতে এমন হামলা চালানো হয়েছে। প্রতিবারই কিয়েভকেই দায়ী করেছে রুশ প্রশাসন। তবে একবারও হামলার দায় স্বীকার করেনি ইউক্রেন। তবে এবার জেলেনস্কির বক্তব্যে হামলার ব্যাপারে ইঙ্গিত পাওয়া গেছে।

ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, আজ রুশ প্রশাসনের তথাকথিত বিশেষ সামরিক কার্যক্রমের ৫২২তম দিন। রুশ প্রশাসন মনে করেছিল, কয়েক সপ্তাহে এ কার্যক্রম সফল করবে। আর এখন যুদ্ধ ঘুরে যাচ্ছে রাশিয়ার দিকে। এটা অনিবার্যই ছিল।

চলতি বছর এ নিয়ে কয়েকবার ড্রোন হামলার শিকার হয়েছে মস্কো। জুলাইয়ের শুরুর দিকে এক ড্রোন হামলার কারণে একই বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল ব্যাহত হয়েছিল।