খেলাধুলা ডেস্ক: ত্রিদেশীয় সিরিজ শেষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরে অংশ নিতে ইংল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ দল। ডাবলিন থেকে এক ঘণ্টার বিমানভ্রমণে বৃহস্পতিবার রাতে বার্মিংহামে পৌঁছান মাশরাফি-মুশফিকরা।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পাওয়া অলরাউন্ডার নাসির হোসেন ও পেসার শুভাশিষ রায় শুক্রবার ডাবলিন থেকে বাংলাদেশের বিমানে চড়বেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। তবে মুশফিকুর রহিমের স্ট্যান্ডবাই হিসেবে নুরুল হাসান সোহান চ্যাম্পিয়নস ট্রফির দলের সঙ্গে ইংল্যান্ড সফর করবে।
চ্যাম্পিয়ন্স ট্রফির মূল লড়াইয়ের আগে শনিবার এজবাস্টনে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফি বিন মুর্তজার দল। একই মাঠে ৩০মে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে সাকিব-তামিম-মুশফিক-মুস্তাফিজদের প্রতিপক্ষ ভারত। এরপর ১ জুন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে ছয় নম্বরে উঠে এসেছে মাশরাফিবাহিনী। সেই আত্মবিশ্বাস নিয়েই বাংলাদেশের এবার চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন।















