খেলাধুলা ডেস্ক: এবারের আসরের সবচেয়ে চমক জাগানিয়া দল সিলেট সিক্সার্স। প্রথম তিন ম্যাচে ঢাকা, কুমিল্লা, রাজশাহীর মতো দলগুলোকে হারিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দেয় দলটি। রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে । তবে সর্বশেষ দুটি ম্যাচে খেই হারিয়ে ফেলেছে সিলেট। নিজেদের চতুর্থ ম্যাচে খুলনার কাছে ছয় উইকেটে হেরে যায় নাসির হোসেনের দল। আর আজ ঢাকা ডায়নাইটসের বিপক্ষে মাত্র ১০১ রান করেছে সিলেট সিক্সার্স। বিপিএলের প্রথম পর্বের সেই সিলেটের সঙ্গে এই সিলেটকে যেন মেলানোই যাচ্ছে না!
ঢাকা পর্বের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসান-শহীদ আফ্রিদিদের মুখোমুখি হয়েছিল সিলেট সিক্সার্স। টস হেরে ব্যাটিং করতে নেমে ঢাকা বোলারদের সামে পাত্তাই পায়নি সিলেটের ব্যাটসম্যানরা। আফ্রিদি ও সুনীল নারাইনের ঘূর্ণির সামনে কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি।
প্রথম তিন ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান উপুল থারাঙ্গা আজ ফেরেন মাত্র এক রান করে। এরপর সাব্বির রহমানও এক রান করে ফিরে যান। মাত্র ৫৩ রান করতেই প্যাভিলিয়নে ফিরে যান দলটির নয়জন ব্যাটনসম্যান। একটা সময় বিপিএলের দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ডের (সর্বনিম্ন রান ৪৪, খুলনা টাইটান্স। দ্বিতীয় সর্বনিম্ন ৫৮ রান, বরিশাল বুলস) সামনে ছিল সিলেট। তবে আবুল হাসান ও তাইজুলের দৃঢ়তায় সেই লজ্জায় পড়তে হয়নি তাঁদের। দশম উইকেট জুটিতে ৪৮ রান যোগ করেন তাঁরা। সবোর্চ্চ ৩০ রান করেন পেসার আবুল হাসান রাজু। তাইজুল ১৬ ও দানুশকা গুনাথিলাকা করেন ১৫ রান। এছাড়া অধিনায়ক নাসিরের ব্যাট থেকে আসে ১০ রান।
ঢাকা ডায়নামাইটসের হয়ে শহীদ আফ্রিদি নেন চারটি উইকেট। এছাড়া সুনীল নারাইন তিনটি ও আবু হায়দার রনি দখল করেন দুটি উইকেট।
ঢাকা ডায়নামাইটস একাদশ : সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মেহেদী মারুফ, জহুরুল ইসলাম, খালেদ আহমেদ, সুনীল নারাইন, শহীদ আফ্রিদি, এভিন লুইস, কাইরন পোলার্ড ও ক্যামেরন ডেলপোর্ট।
সিলেট একাদশ : সাব্বির রহমান, নাসির হোসেন, তাইজুল ইসলাম, কামরুল হাসান রাব্বি, শুভাগত হোম, নুরুল হাসান, ওয়েন্দু হারারাঙ্গা, উপুল থারাঙ্গা, রস হুইটলি, টিম বেসনান ও লিয়াম প্লাঙ্কেট।















