যবিপ্রবিতে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

722

ঢাকা সংবাদদাতা : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) থেকে অস্ত্রসহ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ইছাদ হোসেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর উত্তীর্ণ এবং শহীদ মশিয়ুর রহমান হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি। শুক্রবার বিকেলে ক্যাম্পাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী জানান, শুক্রবার যবিপ্রবিতে ভর্তি পরীক্ষা ছিল। পরীক্ষার জন্য ক্যাম্পাসে পুলিশের অতিরিক্ত টিম ছিল। এরই মধ্যে ক্যাম্পাসে কিছু ছেলে শিক্ষকদের সঙ্গে বাক-বিতণ্ডায় লিপ্ত হয়। এদের মধ্যে থেকে ইছাদ নামে একজনকে আটক করা হয়। তার বাড়ি ঝিনাইদহের মহেশপুরে। পরে ইছাদের শরীর তল্লাশি করে একটি সেভেন পয়েন্ট সিক্স-টু পিস্তল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ইছাদ হোসেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাসের অনুসারী হিসেবে পরিচিত।

তবে অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রাব্বানী জানান, গ্রেপ্তার ইছাদ যবিপ্রবি’র ছাত্র কি না বা তার কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না- তা এখনো পুলিশ নিশ্চিত হতে পারেনি।