সিলেট সংবাদদাতা: হবিগঞ্জের আজমিরীগঞ্জে আগুনে পুড়ে জাবেদ মিয়া (৩০) নামে মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। নিহত প্রতিবন্ধী জাবেদ মিয়া ঘরদাইর গ্রামের আব্দুল কুদ্দুছ মিয়ার ছেলে। মঙ্গলবার ভোররাতে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর বড়হাটি এলাকায় দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মানসিক প্রতিবন্ধী জাবেদ মিয়া তার বসতঘরে একাই বসবাস করতেন। মঙ্গলবার ভোররাতে জাবেদ মিয়া যে বসতঘরে ঘুমিয়ে ছিলেন পাশের ঘরে থাকা পরিবারের সদস্যরা আগুনের শিখা দেখতে পান। পরে তাদের প্রতিবেশীদের নিয়ে পাশের জলাশয় থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে জাবেদ মিয়া ও তার বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
কাকাইলছেও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল জানান, জাবেদ মিয়া মানসিক প্রতিবন্ধী ছিলেন। একাই তার বসতঘরে থাকতেন। ভোররাতে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। কিন্তু ততক্ষণে আগুনে বসতঘর ও জাবেদ মিয়া পুড়ে ছাই হয়ে যায়।
বানিয়াচঙ্গ ফায়ার সার্ভিসের লিডার নবকুমার সিংহ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে আগুনের সুত্রপাত হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী বলেন, নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা গ্রামের সুভাষ চন্দ্র দেবনাথ (৪০) নামে এক কাঠমিস্ত্রী কাজ করতে গিয়ে পাশের দেয়াল ধসে নিহত হন।
জানা যায়, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে নিহত সুভাষ চন্দ্র কাজ করছিলেন। হঠাৎ করে পাশের দেয়াল ধসে পড়লে তিনি দেয়ালের নিচ চাপা পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক পাশে থাকা অন্যান্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ নিহতের ঘটনা নিশ্চিত করে বলেন, নিহত সুভাষ চন্দ্রের মৃতদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।















