অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলো বাংলাদেশ৷

88

খেলাধুলা ডেস্ক: নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত হলো বাংলাদেশের মেয়েদের। দক্ষিণ আফ্রিকার বেনোনিতে উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে দিশা বিশ্বাসের দল। অস্ট্রেলিয়ার দেওয়া ১৩১ রানের লক্ষ্য ১২ বল হাতে রেখেই টপকে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৪০ রান করেন তিনে নামা দিলারা আক্তার। ৪২ বলে ৭ চারে ইনিংসটি সাজান এই উইকেটরক্ষক-ব্যাটার। ওপেনার আফিয়া প্রত্যাশার ব্যাট থেকে আসে ২২ বলে ২৪ রান। দুটি করে চার ও ছক্কা হাঁকান প্রত্যাশা। দলীয় ৭১ রানে প্রত্যাশার বিদায়ের পর বাকি কাজটুকু সারেন স্বর্ণা আক্তার ও সুমাইয়া আক্তার। তাদের অবিচ্ছিন্ন জুটিতে জয়ের বন্দরে নোঙর ফেলে বাংলাদেশ। ১৮ বলে ২ চার ও এক ছক্কায় ২৩* রান করেন স্বর্ণা। ২৫ বলে ৫ চারে সুমাইয়ার অবদান ৩১*।

এর আগে টসে হেরে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ।

২২ রানে অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে ফেরান অধিনায়ক দিশা বিশ্বাস। তবে তিনে নামা ক্ল্যারি মুরের হাফসেঞ্চুরিতে লড়াইয়ের পুঁজি পায় অস্ট্রেলিয়া। ৫১ বলে ৭ চারে সর্বোচ্চ ৫২ রান করেন মুর। এলা হেওয়ার্ডের ব্যাট থেকে আসে ৩৫ রান। শেষ দিকে ৭ বলে ১৬ রানে অপরাজিত থাকেন অ্যানি স্মিথ।
৩ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট শিকার দিশা বিশ্বাসের। এছাড়া মারুফা আক্তার ৪ ওভারে ২৯ রানে নেন ২ উইকেট। রাবেয়া খান নেন ১ উইকেট।