ঢাকা সংবাদদাতা: রংপুর, বগুড়ার পর এবার রাজশাহী থেকে রংপুরগামী বাস চলাচল দুই দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রাজশাহীর পরিবহন নেতারা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী থেকে সবশেষ বাস রংপুরের উদ্দেশে ছেড়ে গেছে। শুক্র ও শনিবার আর কোনো বাস ছাড়বে না বলে জানিয়েছেন পরিবহন নেতারা।
এর আগেই মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ কয়েকটি দাবিতে শুক্রবার সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে রংপুর জেলা বাস মালিক সমিতি।
শনিবার (৩০ অক্টোবর) রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির নেতাকর্মীরা জানিয়েছে, গণসমাবেশে মানুষের উপস্থিতি ঠেকাতে সরকারি ইন্ধনে বাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাস মালিক সমিতির নেতারা এই অভিযোগ অস্বীকার করেছেন।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, ‘রংপুরে অভ্যন্তরীণ কারণে শুক্র ও শনিবার দুই দিনের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। সেখানে কোনো বাস চলবে না। অন্য কোনো জেলা থেকেও রংপুরে বাস যাবে না। রংপুর বাসমালিকদের পক্ষ থেকে তাদেরও রংপুরে বাস না চালানোর জন্য অনুরোধ করা হয়েছে। এ কারণে তারা বাস চলাচল দুই দিন বন্ধ রাখবেন।’
বিএনপির সমাবেশের কারণে বাস চলাচল বন্ধ হয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমন কিছু তারা জানেন না। তারা শুধু এটুকু জানেন, রংপুরে অভ্যন্তরীণ কারণে পরিবহন ধর্মঘট পালিত হচ্ছে।’















