ঢাকা সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মরদানায় একটি বাড়িতে হাতবোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম তাইফুর রহমান। তিনি জেলার শিবগঞ্জ পৌর এলাকার মরদানা গ্রামের আইয়ুব বাজার এলাকার ফজলু ঘোষের ছেলে।
শুক্রবার (০৩ নভেম্বর) দুপুরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন।
শিবগঞ্জ পৌর কাউন্সিলর খাইরুল আলম জেম জানান, শুক্রবার দুপুরে তার এলাকার সাবেক কাউন্সিলর আব্দুস সালামের সমর্থক তাইফুর তার বাড়ির ছাদে রোদে হাতবোমা শুকাচ্ছিলেন।
এ সময় হঠাৎ একটি বোমা বিস্ফোরিত হলে তাইফুরের হাতের কিছু অংশ উড়ে যায় এবং মুখ খানিকটা ঝলসে যায়। গুরুতর আহত তাইফুরকে অজ্ঞাত স্থানে চিকিৎসার জন্য নেয়া হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব বোমা বিস্ফোরণ খবর নিশ্চিত করে বলেন, ঘটনা শুনেছি। এখনো পূর্ণাঙ্গভাবে জানিনা। এ ঘটনায় যারা জড়িত তাদের খোঁজা হচ্ছে।















