কুষ্টিয়া প্রতিনিধি: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সমগ্র জাাতি যখন জাতীয় চার নেতার হত্যাকাণ্ডে বিনীত সোচ্চার তথন খালেদা জিয়া ও বিএনপি নিরব। এই নিরবতা আরেকবার প্রমান করলো বেগম থালেদা জিয়া ও বিএনপি হত্যা, খুন, অবৈধ ক্ষমতা দখল ও সামরিক তন্ত্রের প্রত্যক্ষ সমর্থক।
ইনু বলেন, জেনারেল জিয়াউর রহমান ছিলেন বঙ্গবন্ধু ও চার জাতীয় নেতার হত্যাকারীদের প্রধান রক্ষক। তারই ধারাবাহিকতায় খালেদা জিয়া ও বিএনপি ৭৫’র খুনী ও চার জাতীয় নেতার খুনীদের প্রধান রাজনৈতিক আশ্রয়দাতা।
তিনি আরো বলেন, চার জাতীয় নেতার হত্যাকান্ডের নিন্দা না করা এবং নিরব থাকা প্রমান করে বিএনপির এবং খালেদা জিয়া রাজনীতির জন্য হুমকীস্বরুপ।
আজ শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে “জেল হত্যা দিবসে বিএনপির নিরব থাকা নিয়ে প্রশ্ন তুলে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রশিদ চৌধুরীসহ জাসদ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।















