বরগুনায় বিএনপির মিছিলে আ’লীগের হামলা, বিএনপির শতাধিক নেতাকর্মী আহত

82

ঢাকা সংবাদদাতা: বরগুনা-২ আসনের বিএনপি সমর্থিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনির নেতৃত্বে একটি মিছিল চলাকালে অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার বিকেল ৪টার দিকে উপজেলার নাচনাপাড়ার সিএন্ডবি এলাকায় ঘটনাটি ঘটে।

তেল, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দেয়ার জন্য ঢাকা থেকে আসছিলেন সাবেক এমপি নুরুল ইসলাম মনি। তার গাড়িবহর পাথরঘাটার সিএন্ডবি এলাকায় ঢুকলে যুবলীগ ও ছাত্রলীগ প্রতিরোধ গড়ে তোলে এবং অন্তত অর্ধশত মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পিটিয়ে আহত করে বিএনপির শতাধিক নেতাকর্মীকে। এই ঘটনায় এলাকায় বর্তমানে চরম থমথমে অবস্থা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিএনপি নেতা ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি। পাথরঘাটা উপজেলা শহরে আগামীকাল সোমবারের বিক্ষোভ ও সমাবেশে যোগ দেয়ার কথা রয়েছে তার। তার আসার খবরে এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক জানান, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। আমাকেও তারা নির্মমভাবে পিটিয়েছে। শতাধিক মোটরসাইকেল ভাঙচুরসহ অগ্নিসংযোগ করেছে। আহত হয়েছে কয়েকশ নেতাকর্মী। বর্তমানে আমরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ভয়ে জীবন রক্ষার্থে বিচ্ছিন্ন অবস্থায় আছি।

তিনি আরও বলেন, কেন্দ্র ঘোষিত তেল গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সোমবার শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে চেয়েছি। ইতোমধ্যে আমরা পাথরঘাটা থানায় লিখিত অনুমতি চেয়েছি, আশা করছি প্রশাসন অনুমতিও দিয়েছে। আমরা চাইনি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটুক। শান্তিপূর্ণভাবে আমাদের সমাবেশ করবো এটা আমাদের প্রত্যাশা ছিল। তাছাড়া দীর্ঘদিন পর সাবেক এমপি ও সাবেক বরগুনা জেলা সভাপতি নুরুল ইসলাম মনি তার নির্বাচনী এলাকায় এসে আমাদের সাথে শান্তিপূর্ণভাবে অংশ নেবেন আমরা সেভাবেই চিন্তা-ভাবনা করেছিলাম।

অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) তোফায়েল আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যতটুকু জানতে পেরেছি, ইতিমধ্যে ১০-১২ জন আহত হয়েছে এবং ৩০/৩৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনীয় পুলিশ প্রেরণ করা হয়েছে।