ঢাকা সংবাদদাতা : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপি এমন একটি নির্বাচন কমিশন চায়, যেটি তাদের প্রত্যাশিত ফলাফল নিশ্চিত করবে।
বৃহস্পতিবার রাজধানীতে নির্বাচন কমিশনে আওয়ামী লীগের এগারো দফা প্রস্তাবনা, জনগণেরই প্রস্তাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বিএনপি জানে যে তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না। কারণ তারা জনসমর্থন হারিয়ে ফেলেছে। এ কারণে তারা এখন অন্য পথ খুঁজছে।
অনুষ্ঠানে উপস্থিত ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, বিএনপির বেশিরভাগ প্রস্তাবনাই বাস্তবসম্মত নয়। বিএনপি চায় সেনাবাহিনী আসুক। কিন্তু আওয়ামী লীগ সেটা চায় না। কারণ দু’পক্ষ দুটি ভিন্ন ঘরনার রাজনীতি দেখে অভ্যস্ত।
তিনি বলেন, নির্বাচন নিয়ে আওয়ামী লীগের প্রস্তাবনাগুলো গণমুখী। তৃণমূলের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত দারূণ সাহসী উদ্যোগ। এছাড়া ইভিএম পদ্ধতিতে নির্বাচন করার প্রস্তাব ও সিদ্ধান্তটিও অত্যন্ত সময়োপযোগী বলেও মন্তব্য করেন তিনি।
গণমাধ্যম সম্পর্কিত প্রস্তাবনা সম্পর্কে তিনি বলেন, নির্বাচন কমিশনের উচিৎ আগে থেকেই সাংবাদিক সংগঠনগুলোর সাথে আলাপ করে সব ধরনের দিকনির্দেশনা ঠিক করা।















