আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের রায়বেরেলিতে সরকার পরিচালিত একটি পাওয়ার প্ল্যান্টে বয়লার বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১০০ ব্যক্তি। বুধবার বিকেলে এনটিপিসির পাওয়ার প্ল্যান্টে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইন জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার শিকার অনেকে ইউনিটের ভেতরে আটকা পড়ে আছেন।আহতদের বেশিরভাগই অগ্নিদগ্ধ।
১৯৮৮ সালে পাঁচটি ইউনিট নিয়ে রায়বেরেলির উচাহারে পাওয়ার প্ল্যান্টটির যাত্রা শুরু হয়।গত মার্চে এখানে নতুন একটি পাওয়ার প্ল্যান্ট বসানো হয়। এই নতুন প্ল্যান্টটিতেই বুধবার বিকেলে বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের পরপর বিশাল আকারের অগ্নিগোলক বাইরে বেরিয়ে আসে।প্রচণ্ড ধূলার কারণে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে।ঘটনার পরপর ওই প্ল্যান্টটি বন্ধ করে দেওয়া হয়েছে। জাতীয় দুর্যোগ প্রতিরক্ষা ইউনিট উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
হতাহতের বিষয়টি নিশ্চিত করে এনটিপিসি জানিয়েছে, এদের মধ্যে তাদের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও তিনজন সহকারী জেনারেল ম্যানেজার রয়েছেন।চিকিৎসার জন্য তাদেরকে লখনউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহত প্রত্যেকের পরিবারকে দুই লাখ এবং গুরুতর আহতদের ৫০ হাজার রুপি করে সাহায্যের ঘোষণা দিয়েছেন।















