পূর্ব লন্ডনে গভীর রাতে তরুণী হত্যা

590

ওয়ানবাংলানিউজ: রবিবার গভীর রাতে লন্ডনের ইলফোরডে এক তরুণীকে হত্যা করেছে এক অপরিচিত লোক। তরুণীর নাম জারা আলীনা। তাঁর বয়স ছিল ৩৫। ক্র্যানব্রুক রোড হয়ে গ্যানটসহিল আন্ডারগ্রাউন্ড স্টেশনের দিকে হেঁটে যাওয়ার সময় অতর্কিত হামলার শিকার হন জারা আলীনা। পথচারীরা আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিসকে খবর দেয়। পরে হাসপাতালে মৃত্যুবরণ করেন আলীনা।

ঘটনাস্থলে পুলিশ হত্যাকাণ্ডের প্রমাণ সংগ্রহ করছে এবং তল্লাশি চালাচ্ছে। কিন্তু ইলফোরডের নিরিবিলি রাস্তায় গভীর রাতে কে হামলা করলো তরুণীর ওপর? স্থানীয় নারীদের মধ্যে এই হত্যাকাণ্ড ভীতি সৃষ্টি করেছে।

মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত জারা আলীনাকে রবিবার রাত ২টা ৪৫ মিনিটের দিকে প্যারামেডিকরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়।

সোমবার বিকেল ৪টার দিকে ইলফোরড এলাকা থেকে ২৯ বছর বয়স্ক সন্দেহভাজন এক পুরুষ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ স্থানীয় জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করছে। কিন্তু অনেকে এখনও উদ্বিগ্ন।

রবিবার গভীর রাতে গ্যানটসহিল আন্ডারগ্রাউন্ড স্টেশনের আশেপাশে কেউ চলাফেরা করে থাকলে তাদের সাথে কথা বলতে চায় পুলিস। পুলিস জানিয়েছে, বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিস কর্মকর্তারা জারা আলীনার পরিবারের সদস্যদের পাশে থেকে সমর্থন ও সহায়তা দিয়ে যাচ্ছে।