খেলাধুলা ডেস্ক: এইতো কদিন আগে কুয়ালালামপুরে ৪-১ ব্যবধানে হেরেছিল জামাল ভুঁইয়ারা। সানজিদা-সাবিনারা বড় ভাইদের হারের বদলা নিলো কমলাপুরে। প্রীতি ম্যাচটিতে মালয়েশিয়ার অবস্থা এমন হয় যে, গোল খেতে খেতে ক্লান্ত হয়ে পড়ে।
কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই মালয়েশিয়ার জালে এক হালি গোল দেয় বাংলার মেয়েরা। প্রথমার্ধে জোড়া গোল পান আঁখি খাতুন। এছাড়াও গোল পান সাবিনা খাতুন ও সিরাত জাহান স্বপ্না।
আক্রমণাত্নক ফুটবল খেলে প্রথমার্ধ্বে ৪-০ ব্যবধানে এগিয়ে যাওয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধ্বে ধার আরও বাড়িয়ে দেয়। যদিও গোল পেতে দেরি হয়ে যায়। দ্বিতীয়ার্ধ্বে গোল পায় ৬৭তম মিনিটের মাথায়। মালয়েশিয়ার এলোমেলো রক্ষণভাগের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান ৫-০ করেন মনিকা চাকমা। এরপর ৭৪ মিনিটের মাথায় দুর্দান্ত হেডে দলের ব্যবধান ৬-০ করেন কৃষ্ণা রাণী সরকার।















