বিএনপি নিজেরাই নিজেদের ওপর হামলা করেছে: কাদের

532
ফাইল ছবি

ঢাকা সংবাদদাতা: ফেনীতে খালেদা জিয়ার হামলা আওয়ামী লীগ করেনি, বিএনপি নিজেরাই নিজেদের ওপর হামলা চালিয়েছে। রোহিঙ্গাদের ত্রাণ দিতে নয়, শোডাউন করতে কক্সবাজার গিয়েছে বিএনপি। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এদিকে আজ সকালে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমের দেয়া এক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ সত্যকে অস্বীকার করে সন্ত্রাসকে উৎসাহিত, প্রশ্রয় এবং লেলিয়ে দিচ্ছেন। কিন্তু তাদের উচিৎ এ ধরনের ক্রিমিনালদেরকে দল থেকে বহিষ্কার করা অথবা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর বলেন, প্রশাসন ট্রাফিক নিয়ন্ত্রণে মোটামুটি ভালো কাজ করেছে। কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে পুলিশ দিলেও তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

গতকাল শনিবার কক্সবাজার যাবারর পথে দু’দফা হামলার শিকার হয় খালেদা জিয়ার গাড়িবহর। প্রথম দফায় শনিবার বিকেল পৌনে ৫টার দিকে গাড়িবহর ফেনীর মহিপাল বাজার অতিক্রমের সময় দুর্বৃত্তরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। ওই ঘটনার ১০ থেকে ১৫ মিনিট পর ফেনী সার্কিট হাউসে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। সেখানে ঘণ্টাখানেক বিশ্রামের পর ফের রওনা দেন তিনি। রাত পৌনে ৮টায় গাড়িবহর মিরসরাইয়ে পৌঁছলে দ্বিতীয় দফা হামলার শিকার হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার মিরসরাইয়ে হামলার ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘মিরসরাই হয়ে চট্টগ্রামে যাওয়ার পথে মিরসরাই এলাকায় হঠাৎ ইটপাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।’