খেলাধুলা ডেস্ক: গা গরমের ম্যাচে দুর্দান্ত তামিম ইকবাল। দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে অ্যান্টিগার কলিজ ক্রিকেট মাঠে তিন দিনের অনুশীলন ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
ব্যাট করতে নেমে শুরুতে বিপাকে পড়লেও নাজমুল হোসেন শান্তকে নিয়ে ১৪০ রানের জুটি গড়েন তামিম ইকবাল। দুজনের জুটি ভাঙে শান্তর ৫৪ রানে বিদায়ে।
এর আগে ওপেনার মাহমুদুল হাসানের ০, মুমিনুল হকও ফেরেন ০ রানে। লিটন দাস ৪ রানে ফেরার পর ইয়াসির আলী চোট পেয়ে মাঠ ছাড়েন ১১ রান করে।
নুরুল হাসান সোহানের ব্যাটে আসে ৩৫ রান। তামিম তুলে নেন শতক। সোহানের বিদায়ের পর মেহেদী হাসান মিরাজ করেন ৭ রান। প্রথম দিনে ৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করা মোসাদ্দেক হোসেন দ্বিতীয় দিনে যোগ করেন আরো১০রান।
মোসাদ্দেক ১৯ রানে ফেরার পর তামিমের ১৬২ রানের মাথায় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। ৯৭ ওভার ব্যাটিং করে ৭ উইকেটে টাইগাররা সংগ্রহ করেছে ৩১০ রান।
উইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের পক্ষে ২ উইকেট নেন লুইস। এছাড়া ১টি করে উইকেট নেন ম্যাকসয়েন, মাইন্ডলে, ওয়ারিকান ও চারিয়াহ।















