আন্তর্জাতিক ডেস্ক: গাঁজা চাষকে বৈধ ঘোষণা করলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড। এখন থেকে দেশটিতে গাঁজা উৎপাদন এবং বিক্রির উপরে আর কোনো নিষেধাজ্ঞা থাকছে না। এছারা গাঁজাকে নিষিদ্ধ মাদকের তালিকা থেকেও সরিয়ে নিয়েছে থাই সরকার। এ অঞ্চলে থাইল্যান্ডই প্রথম দেশ যে এ ধরনের পদক্ষেপ নিয়েছে। এ খবর দিয়েছে বিবিসি।
তবে এখনও গাঁজার বিনোদনমূলক ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা রয়েই গেছে। যদিও বিশ্লেষকরা বলছেন, গাঁজা চাষকে বৈধতা দেয়ার কারণে অন্য নিষেধাজ্ঞা আর কার্যকর থাকবে না।
থাইল্যান্ডের সরকার গাঁজার উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের কৃষিকে আরও সমৃদ্ধ করতে চায়। পাশাপাশি এটি পর্যটনেও ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এমনকি দেশজুড়ে লাখ লাখ গাঁজা গাছ সরবরাহ করেছে থাই সরকার। নাগরিকরা যাতে গাঁজা চাষে আগ্রহী হয় সে জন্য প্রচারণাও চলছে। এ নিয়ে থাইল্যান্ডের ডেপুটি প্রধানমন্ত্রী আনুতিন চর্নভিরাকুল বলেন, গাঁজা থেকে আয় করার জন্য দেশ ও দেশের জনগণের জন্য এটিই সুযোগ।















