ঢাকা সংবাদদাতা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে ক্ষমতাসীনরা হামলা এবং বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, বেগম জিয়ার কক্সবাজার সফর সম্পর্কে পুলিশ প্রশাসনকে জানানো হলেও তারা কোনো সহযোগিতা করছে না। খালেদা জিয়াকে পথে পথে সম্বর্ধনা জানাতে মানুষের ঢল দেখে ক্ষমতাসীনরা প্রলাপ বকছেন। বিভিন্ন জায়গায় তারা গাড়ি বহরে বাধা দিচ্ছে।
রিজভী বলেন, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করে গাড়ি বহর আটকে দেয়ার চেষ্টা করে। বেলা পৌনে ১২টা থেকে ১২টা পর্যন্ত রাস্তায় ট্রাক ও গাড়ি আটকে দিয়ে এবং ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ভাংচুর করে তারা এ চেষ্টা চালায়।
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই জানান, খালেদা জিয়ার গাড়িবহর যাওয়ার আগেই নেতাকর্মীদের সাথে নিয়ে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলাম। এ সময় বেলা পৌনে ১২টা থেকে ১২টা পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে আটকে রাখার চেষ্টা চালায়। এ সময় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সেইসঙ্গে তারা যাত্রীবাহী একটি বাস ভাংচুর করে বাধা প্রদান করে। এ সময় বিএনপি নেতাকর্মীরা অবরোধ মোকাবেলা করেন।
এর আগে রোহিঙ্গাদের দেখতে সকালে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকাল ১০টা ৪০ মিনিটের দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে খালেদা জিয়া কক্সবাজারের উদ্দেশ্যে সড়কপথে রওনা হন।















